প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, তার পূর্বের সঞ্চিত অর্থে এবং আমাদের সাহায্যে। এখন আমরাও যদি কোনমতে একখানা ঘর করে ফেলতে পারি তবেই গ্রামের অবস্থা ফিরে যাবে। যে পর্যন্ত আমরা নিজের ঘরে প্রতিষ্ঠিত হতে না পারব, সেই পর্যন্ত এই গ্রামে আমাদের কোন অধিকার স্থাপিত হবে না। আমরা যদি গ্রামের লোককে কোন ভাল উপদেশ দেই এবং সেই উপদেশ মত কাজ করার পর আমাদের বিরুদ্ধে গ্রাম্য পাদরীর কাছে নালিশ করে তবে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। সেজন্যই এখন আমরা চুপ করে আছি। আপনার কাছে বিদ্যালয়ের কথা বলেছিলাম। সেটা বিদ্যালয় নয়। আমরা কোনরূপ বিদ্যালয় স্থাপন করতে পারি না। আইন তাতে বাধা দেয়। আমরা নৃত্য-গীতের বিদ্যালয় খুলেছি। ছেলেমেয়েরা বিকাল বেলা নাচ-গান প্রভৃতি করতে আসে। নাচ-গানের ভেতর দিয়েই আপাতত তাদের পরিষ্কার পরিচ্ছতা শিক্ষা দিচ্ছি। এতে শিক্ষা বিভাগ বা স্থানীয় পাদরীরাও আপত্তি উঠাবে না; কারণ এতে তাদেরই সুবিধা হবে। তারা নূতন নূতন যুবক-যুবতীদের চাকর রাখতে পারবে। চাকর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালবাসে। ভাববেন না এদেশে কোন সৎকার্য অতি সহজে সম্পন্ন করা যায়। সাধারণ লোকের মধ্যে যদি কেউ শিক্ষা বিস্তার করতে যায় অমনি তাকে কমিউনিষ্ট আখ্যা দেওয়া হয় এবং গ্রাম হতে বহিষ্কার করা হয়। রডেসিয়ার নিগ্রোদের উপর শ্বেতকার প্রভুরা বড়ই কড়া হাতে শাসন এবং শোষণ কার্য চালিয়ে যাচ্ছেন।
নিগ্রোগ্রাম দেখা হয়ে গেলে আমরা ইউরোপীয়ানদের গ্রামের দিকে অগ্রসর হলাম। ইউরোপীয়ানরা রেলষ্টেশনের কাছে থাকে। নিগ্রোগ্রাম থেকে রেলষ্টেশন প্রায় দুই মাইল দূরে অবস্থিত। আমরা গজেন্দ্র গমনে সেদিকে অগ্রসর হলাম। পথের অবস্থা মোটে ভাল নয়।