বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নিগ্রো জাতির নূতন জীবন
১৩৬

ফুটপাথে চলছিলাম এবং অর্দ্ধ-নিগ্রো ভাইবোন রাস্তার উপরে চলছিল। আমাদের একত্র চলন দেখে অনেকেই ঘরে চলে গেল এবং এমনি ভাব দেখাল যাতে করে মনে হল তারা নন্-কোপারেশন করেছে। আমাদের গ্রাম ভ্রমণ হয়ে গেলে হোটেলে চলে এলাম এবং স্কচ্‌ম্যানের সংগে পুনরায় কাফি খেলাম। নিগ্রো স্ত্রীলোক বিয়ে করে বলে স্কচ্‌দের বিদেশে খুবই বদনাম এবং সেজন্য স্কচ্‌দের ইউরোপের ইংলিশ, আইরিশ, জার্মান এবং ডাচরা বড়ই ঘৃণা করে। স্কচ্ ভদ্রলোক দুঃখের সংগে বললেন “আজ যাদের আমরা ঘৃণা করছি কাল যখন তারা মানুষ হবে তখন আমাদের অবস্থা কত শোচনীয় হবে সেকথা অনেকেই চিন্তা করে না।

 সুখের সময় বড়ই তাড়াতাড়ি অতিবাহিত হয়। ওয়েষ্ট নিকলসনে করেকটি দিন যেন কয়েকটি ঘণ্টার মতই কেটে পেল। সকাল বেলা ঘুম হতে উঠেই কতকগুলি রুটি, এক টিন মাখন এবং কতকটা চিনি কিনে ফেললাম। তারপর জলের কেতলি জলে ভরপূর করে সাইকেল মেরামত করার যন্ত্রপাতি পরীক্ষা করলাম এবং নিগ্রো হোটেলওয়ালীর কাছ থেকে বিদায় নিয়ে পথে এলাম।