বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পরিত্যক্ত বাস্তু

 আর একশত মাইল গেলেই আরম্ভ হবে দক্ষিণ আফ্রিকা। যতই এগিয়ে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল এ সব জংগল নয় পতিত জমি। পতিত জমি অনেক দিন অনাবাদী থাকার জন্য জংগলে পরিণত হয়েছে। মাইল দশেক যাবার পর পথেই পেলাম মস্ত বড় একটা বাড়ী। বাড়ীটার গঠণ অবিকল কলেজ স্কোয়ারের দ্বার ভাংগা বিল্ডিংএর মত। সামনে প্রকাণ্ড চত্তরে কয়েকটি গাভী চরে বেড়াচ্ছিল। স্তম্ভগুলির পাশে দুটি নিগ্রো ছেলে খেলা করছিল। আমাকে দেখা মাত্র ছেলে দুইটি পালিয়ে গেল। কতকক্ষণ পরই একজন বুয়র বন্দুক হাতে করে আমার সামনে দাঁড়াল। তার মুখ দেখেই মনে হল লোকটা খুন করতে পারে সেজন্য বিনয় করে বললাম, “হে দয়ালু ব্যক্তি আপনার দয়ার উপর আমার প্রাণ নির্ভর করছে। কাছেই একটা সিংহ হাঁ করে বসে আছে। আপনার এখান থেকে যদি তাড়িয়ে দেন তবে আমাকে সিংহের পেটে যেতে হবে।”

 তাই নাকি চলত সিংহটা কোথায় দেখে আসি এই বলেই লোকটা আমাকে নিয়ে পথে এল। পথের উপর দিয়ে তখন কতকগুলি খরগোস চলে যাচ্ছিল। খরগোসগুলিকে দেখিরে বললাম—ঐ দেখুন সিংহের বাচ্চাগুলি কেমন কট্‌মট্ করে আমার দিকে তাকাচ্ছে।