আমার নিবেদন
দ্বিতীয় মহাযুদ্ধ আরম্ভ হবার পূর্বে আফ্রিকাতে ক্রমাগত আঠার মাস ভ্রমণ করে অনেকগুলি দেশ দেখেছিলাম, দক্ষিণ রডেসিয়া তার অন্যতম। দক্ষিণ রডেসিয়াতে ভারতবাসীর সংখ্যা ইউরোপীয়ানদের সমান। তবুও সেদেশে ইণ্ডিয়ান মাইনরিটি।
দক্ষিণ রডেসিয়াতে ভিক্টোরিয়া ফল্স্ এবং জাম্বাবী ধ্বংসস্তূপ বিশ্ববিখ্যাত। এই দুটি দেখার পর জীবন সার্থক হয়েছে মনে করেছিলাম। যেদিন দক্ষিণ রডেসিয়া হতে বিদায় নেই, সেদিন মনে হয়েছিল দেশবাসীকে দক্ষিণ রডেসিয়ার সকল কথা বিশেষভাবে জানাব এবং ব’লব পৃথিবীতে যদি স্বর্গরাজ্য থাকে তবে দক্ষিণ, রডেসিয়া। ভূসর্গ কাশ্মীর তার কাছে কিছুই নয়। কিন্তু এখনও আমাদের দেশের লোকের কাছে ভ্রমণ কাহিনী শিশুপাঠ্য। জাম্বাবী ধ্বংসস্তূপের প্রতি আমাদের দেশের শিশুদের মনাকর্ষণ করবে কিনা জানি না। বর্তমান যতই অন্ধকারাচ্ছন্ন হউক ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল, সেজন্যই বুক বেঁধে বলছি ‘নিগ্রো জাতির নূতন জীবন’ আদৃত হবেই।
গ্রন্থকার