ভোট ভিক্ষা করছেন, আগামী কল্য এই ভদ্রলোকই আপনাদের ব্যবসার পথ বন্ধ করতে কসুর করবে না। নামে কমিউনিষ্ট আর কাজে কনজারভেটিভ্ হতেও খারাপ, এমন লোককে ভোট দিয়ে নিজের পায়ে নিজে কুঠার মারবেন না। আমার জানা মতে এদেশে কোনও কমিউনিষ্ট প্রতিষ্ঠান নেই, সে সংবাদ কি আপনারা রাখেন?
মুখরোচক কমিউনিষ্ট শব্দটি সবাই পছন্দ করে কিন্তু কমিউনিজম কি এবং কি করে কমিউনিষ্টরা কাজ করে সে কথা রুসাপীর ভারতীয় ব্যবসায়ী মহলের লোক কিছুই জানত না। ব্যবসায়ের দিক দিয়ে তারা সামান্য সুবিধা চাইছিল মাত্র। অনেক স্থলেই সোসিয়েলিষ্টরা কমিউনিষ্ট নামে পরিচিত হয়ে কমিউনিষ্টদের বেশ ক্ষতি করে।
একজন ব্যবসায়ী আমার কথা তাড়াতাড়ি শেষ করতে বলছিলেন। ব্যবসায়ীর আদেশ অবহেলা করে আমার বক্তব্য শেষ করলাম। সভার শেষে মগনভাই যখন আমার জন্য চাঁদা উঠাবার প্রস্তাব করলেন তখন অনেকেই চাঁদা দিল না এবং আমার প্রতি কটুবাক্য প্রয়োগ করতেও কসুর করল না। আশা করছিলাম এখানে হয়ত পাঁচশত টাকার মত চাঁদা উঠবে কিন্তু মাত্র তের টাকাতেই সন্তুষ্ট হতে হয়েছিল। তের টাকা পেয়ে একটুও দুঃখ হল না। টাকার জন্য আমার আমিত্ব যে বিক্রি করি নাই সেজন্য গর্ব অনুভব করিতেছিলাম।
যে সকল দেশে আইনের ভেতর কোনও কাঠিন্য নেই সেই দেশগুলিতে যদি কেউ সত্য কথা বলে এবং সরকার পক্ষের তরফ থেকে সেই সত্য কথা পছন্দ না হয় তবে সত্যবাদীকে ছলে, বলে, কলে কৌশলে দেশ হতে তাড়িয়ে দেওয়া হয়। ভাবছিলাম রডেসিয়া সরকারও আমাকে তাড়িয়ে দেবে কিন্তু তা হয় নাই বরং রডেসিয়া সরকার বিপদে আপদে সাহায্য করেছিল।