মৎস্যজীবি হিন্দুর সংগে এ সম্বন্ধে কথা হয়। ভদ্রলোক ব্যবসা করে বেশ দু’পয়সা কামিয়েছেন। তার কাছে যখন আমার প্রস্তাব উত্থাপন করলাম তা শুনে তিনি একেবারে অবাক হয়ে গেলেন। অনেকক্ষণ চিন্তা করে বললেন “তা কি করে হয়?”
লসমনের উদ্যোগে আমার বিদায়ের পূর্বে একটি সভা হয়। অন্যান্য দেশের অভিজ্ঞতা বর্ণনা করার পর বললাম “আমার ভ্রমণের অভিজ্ঞতা কিছুটা শুনলেন এখন আফ্রিকা ভ্রমণের অজিজ্ঞতা থেকে বলছি “যদি আপনাদের এদেশে বাস করতে হয় তবে নিগ্রো এবং অর্দ্ধ-নিগ্রোদের সাথে ঐক্য রেখে বাস করতে হবে, নতুবা জাঞ্জিবারের কাছে পেম্বাদ্বীপে আরবগণ ইণ্ডিয়ান মুসলমানদের যেমন করে তাড়িয়েছে আপনারাও তেমনিভাবে রডেসিয়া হতে বিতাড়িত হবেন। আমার কথা শুনে আমার প্রতি অনেকেই বিতশ্রদ্ধ হয়েছিল, কিন্তু বর্তমানে বুঝতে পারছেন আমার কথা অক্ষরে অক্ষরে ফলতে বসেছে। নিগ্রো এবং অর্দ্ধ-নিগ্রোদের সাহায্যে স্থানীয় সরকার ইণ্ডিয়ানদের হয়রাণ করবার জন্য লেলিয়ে দিয়েছে। ইণ্ডিয়ানরা ভীত হয়ে ভারত সরকারের আশ্রয় ভিক্ষা করছে। যদি ভারতবাসীর রাষ্ট্রনৈতিক দূরদৃষ্টি থাকত তবে আজ আর বিপদে পড়তে হত না।