বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নিগ্রো জাতির নূতন জীবন
৮৪

 কঙ্কনী মুসলমানটি হাত জোড় করে বলল “তা কি করে হয় সাহেব, আমার স্ত্রী নিগ্রো, কোন ইণ্ডিয়ান আমার বাড়ীতে জলও খায় না, আপনি একেবারে চা অথবা কাফি চেয়ে বসলেন।

 দয়া করে এক পেয়ালা চা দিলে বাধিত হব। এ দেশে আমি নূতন এসেছি, উপরন্তু আমার কাছে নিগ্রো, অর্দ্ধ নিগ্রো এবং ইণ্ডিয়ান সকলেই সমান।

 কঙ্কনী মুমলমান তৎক্ষণাৎ তাঁর স্ত্রীকে ডাকল এবং আমাকে এক পেয়ালা কাফি দিতে বলল। তাঁর স্ত্রী আমাকে দেখে কি ভাবছিল জানি না কিন্তু কাফি যখন নিয়ে এল তখন বুঝলাম আমার অজানিতে সে আমাকে আপন করে নিয়েছে। হয়ত নিগ্রো রমণী ভাবছিল আমি কোনও নিগ্রো মহিলার পাণি গ্রহণ করেছি নতুবা তাদের ঘরে কাফি অথবা চা খাব কেন?

 কাফি খাওয়া হয়ে গেলে কঙ্কনী মুসলমানকে জিজ্ঞাসা করে জানলাম নিকটেই এক পেটেলের দোকান আছে। সেই পেটেলই হলেন এখানকার ভারতীয়দের মধ্যে শ্রেষ্ঠ দোকানী এবং তার বাড়ীতেই অতিথি অভ্যাগত এসে থাকেন। কঙ্কনী মুসলমানের কাছ হতে বিদায় নেবার পূর্বে বললাম “বন্ধু যদি তোমার ঘরে থাকবার স্থান থাকত তবে এখানেই থাকতাম। দুঃখের বিষয় তোমার নিজেরই স্থানাভাব, আমাকে কি করে স্থান দিবে বল?”

 হাঁ ভাই যা বলেছ সবই ঠিক্, পেটেলের বাড়ীতে থাক, আমাকে কিন্তু ভুলো না। আমিও একজন ভারতবাসী, কিন্তু স্থানীয় ভারতবাসীরা আমাকে পরিত্যাগ করেছে, করুক তারা পরিত্যাগ, আল্লা এর বিচার করবেন। আমাদেরও সুসময় আসবে।

 বাঙ্কনী বলল তার পরিচিত একটি লোক আমাকে রেলষ্টেশনে