এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ওষুধের কারবারি
যাঁরা ওষুধের কারবার করেন
তাঁরা ঠাঁয় জমে থাকেন,
জমানো দুঃখ নিয়ে সংসারে
বনসাই জীবনের পাঠ নেন।
পাশ দিয়ে যেতে থাকে সময়,
চিকিৎসা আসে আর যায়।
সকাল-দুপুর-বিকেল হয়ে রাত
অনির্ধারিত বরফ জন্মায়।
জন্মাবধি ঘর থেকে বেরিয়ে
দেখে আসছি ওষুধের কারবারি,
পাথরের মতো একঘেয়ে শরীর
নিঝুম বসে থাকা ধ্যানমগ্ন জরুরি।
পথে পথে সেবা দিতে ঠাঁয় আছেন
একাকিত্বের জমে থাকা বিষণ্ণ বিকেল,
স্ত্রী ও পুত্র-কন্যা আড়ালে রেখে দিয়ে
সামনে আসেন আমাদের সকাল।
ওষুধের কারবারি হব না বলেই
যাযাবর অনন্ত জীবনে হাঁটতে থাকি,
সকাল-দুপুর-বিকেল পেরিয়ে রাতে
ওষুধের কাছে যাই, কারবার দেখি।
পাপের শহরে ২৪