এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শীতনিদ্রায় যাব
শীতনিদ্রায় যাব
হিমঘরের নিস্তব্ধতায়।
পশমি উলের চাদরে ঢাকা হবে শীত,
খেজুরগাছের কষ্ট নিয়ে
অচিরেই শীতনিদ্রায় যাব।
কুয়াশার পকেটে হারিয়ে যাওয়া
বালিকাটির ফেলে যাওয়া পথ
দেখতে দেখতে শীতনিদ্রায় যাব।
আমার এই অনন্ত নিদ্রা যাত্রায়
তোমার না পাওয়াগুলো হারিয়ে
যাবে অসংখ্য পাওয়ার স্মৃতিতে,
এই শীতার্ত পৃথিবীতে ঘুম এক
উত্তম বিষয় জেনে নিদ্রায় যাব
ক্লান্ত রাজা আইলের পথ ধরে।
শীতের প্রেম এক জাঙ্গালের মতো
মাঝখানে খাল কাটা বিচ্ছেদ,
তুমি এক পাড়ে বসে আগুন তাপাও
আর অন্য পাড়ে আমার ঘুমপ্রস্তুতি।
আমাকে মুক্ত করো,
আমি শীতনিদ্রায় যাব।
পাপের শহরে ৩৪