এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দূরাগত
পাওয়া আর না পাওয়ার মাঝে
লুকায়িত সূক্ষ্ম অনুভূতিতে সে ছিল,
হয়তো কোনো কালে ছিলই না।
অধরা অমৃত কোনো দিন দিবে না ধরা,
বিষণ্ণ বিকেল গড়িয়ে হবে রাত
আর আমাদের আহাজারিতে
রোদনে ভরে উঠবে সারা দুনিয়া।
পৃথিবীর মতো জীবনেও নেমে আসে সন্ধ্যা,
সন্ধ্যা হওয়ার পর জীবনেও আসে রাত।
রাত মানে নিঃসঙ্গতা
একফালি বেদনার চাষ।
সেই রাতে
প্রেম ছিল দূরাগত কণ্ঠের গান।
তুমি কি শুনতে পেয়েছিলে?
পাপের শহরে ৪৩