বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাস-চিত্র - জলধর সেন (১৯০৫).pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪০
প্রবাস-চিত্র

দুইটি ঘর প্রস্তুত করিয়া তাহাদের গায়ে নল বসাইয়াছেন। সকলে সেই নলের মুখ হইতে বিনা পয়সায় নালাপানির জল লইয়া যায়; নালাপানির জল সম্বন্ধে অধিক কিছু বলিবার নাই।

 কিন্তু এই জল ভিন্ন আরও কতকগুলি কারণে নালাপানি প্রসিদ্ধ। নালাপানিতে এক জন সন্ন্যাসীর একটি সুন্দর আশ্রম আছে; এই সন্ন্যাসী সাধারণ সন্ন্যাসীর দল হইতে কিঞ্চিৎ ভিন্ন প্রকৃতির, ইনি আর্য্যধর্ম্মাবলম্বী। আর্য্য ধর্ম্মের অর্থ—স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রচারিত ধর্ম্ম; উত্তরপশ্চিম প্রদেশ ও পঞ্জাবের অনেক শিক্ষিত লোক এই ধর্ম্মাবলম্বী বটে, কিন্তু সন্ন্যাসী বা সাধুশ্রেণীর মধ্যে যে এই ধর্ম্ম বিস্তৃত হইয়াছে, আমার এরূপ জ্ঞান ছিল না। বিশেষতঃ, নানা কারণে সন্ন্যাসিদিগের উদার মত একটু বিস্ময়-উৎপাদক, তাই এই সন্ন্যাসিবরকে আমার বহুদিন হইতে দেখিবার ইচ্ছা ছিল। কিন্তু এত দিন সে আশা পূর্ণ হয় নাই। শুনিয়াছি, ইনি খুব পণ্ডিত এবং দর্শনশাস্ত্রে সবিশেষ পারদর্শী; ইনি মধ্যে মধ্যে দেরাদুন আর্য্যসমাজের সাপ্তাহিক অধিবেশনে উপস্থিত হন, কিন্তু আমার দুর্ভাগ্যবশতঃ তথাপি তাঁহার দর্শনলাভে সমর্থ হই নাই; কারণ, তিনি কোন্ দিন আসিবেন, তাহার কিছুমাত্র নিশ্চয় থাকিত না।

 সুতরাং সন্ন্যাসীর সহিত আলাপ করিবার ইচ্ছা বিশেষ প্রবল হওয়াতে, এক দিন অপরাহ্ণে আমি আমার জনৈক দীর্ঘকাল প্রবাসী বন্ধুকে সঙ্গে লইয়া নালাপানিদর্শনে যাত্রা