কলুঙ্গার যুদ্ধ।
পূর্ব প্রবন্ধের উপসংহারে উল্লেখ করিয়াছি যে, গত শতাব্দীর প্রথমে এখানে এক ভীষণ সমরানল প্রজ্বলিত হইয়াছিল, ভারতের ইতিহাস-প্রণেতৃগণ এই যুদ্ধ সম্বন্ধে কোনও কথার উল্লেখ করেন নাই; কিন্তু ঐতিহাসিকের উচ্চ সিংহাসনের প্রতি বর্ত্তমান লেখকের লোভ না থাকিলেও, এই প্রবন্ধে সেই যুদ্ধ ব্যাপারের একটি বিবরণ প্রকাশ করা, বোধ করি, বাহুল্য বলিয়া বিবেচিত হইবে না।
কি কারণে ইংরেজদিগের সহিত গুর্খা জাতির বিবাদের সূত্রপাত হয়, তাহা এখানে সবিস্তারে বর্ণনা করা অনাবশ্যক; কারণ যাঁহাদের অবগতির জন্য এ প্রস্তাব লিখিত হইতেছে, তাঁহারা নেপালের ইতিহাস এবং নেপালযুদ্ধের বিবরণ সম্বন্ধে অনভিজ্ঞ নহেন। সংক্ষেপে ইহা বলিলেই যথেষ্ট হইবে যে, পূর্ণিয়া, ত্রিহুত, সারণ, গোরক্ষপুর এবং বেরিলি জেলার উত্তর সীমান্ত প্রদেশে, এবং শতদ্রু ও যমুনা নদীর মধ্যবর্ত্তী রক্ষণাধীন রাজ্যসমূহে, গুর্খাগণ প্রায় সর্ব্বদাই অত্যাচার করিত; এই সকল অত্যাচারনিবারণই গুর্খা যুদ্ধের উদ্দেশ্য,