প্রেম-পাগলিনী।
প্রথম পরিচ্ছেদ।
পশ্চিম গগনে সাঁঝের তারা দেখা দিয়াছে। সেই উজ্জ্বল প্রদীপ্ত আভা দেখিয়াই যেন অপরাপর ক্ষুদ্র তারকানিচয় ক্রমশই ক্ষীণপ্রভ হইয়াছে। সান্ধ্য-সমীরণ গাছের পাতা কাঁপাইয়া, গৃহস্থের গবাক্ষ-পথ দিয়া প্রকোষ্ঠ মধ্যে প্রবেশ করতঃ সদ্য প্রদীপ্ত প্রদীপ নির্ব্বাণ করিতেছে। কখনও বা প্রসুপ্ত শিশুর কুন্তলকলাপ দোলাইয়া তাহার অনিন্দ্যসুন্দর ফুল্ল নলিনী সম মুখখানি চুম্বন করিয়া অপরের অগোচরে পলায়ন করিতেছে। আমি থানার প্রশস্ত প্রাঙ্গণ মধ্যে পায়চারি করিতেছি, এমন সময়ে সাহেবের আরদালি আসিয়া আমার হাতে একখানি পত্র দিল।
পত্রখানি পাঠ করিয়া জানিতে পারিলাম, মলঙ্গার কোন মুসলমানের বাড়ীতে খুন হইয়াছে; আমাকে তখনই তাহার অনুসন্ধানে যাইতে হইবে।
পত্র পাঠ করিয়া আমি একজন কনষ্টেবলকে একখানি গাড়ী ভাড়া করিয়া আনিতে বলিলাম। শকট আনীত হইলে আমি সত্বর তাহাতে আরোহণ করিলাম এবং কোচমানকে মলঙ্গায় যাইতে আদেশ করিলাম।