বিদায়-আরতি
চর্কার ঘর্ঘর বঙ্গের ঘর-ঘর।
ঘর ঘর সম্ভ্রম—আপনায় নির্ভর।
প্রত্যাশ ছাড়্বার জাগ্ল সাড়া,—
দাঁড়া আপ্নার পায়ে দাঁড়া!
* * *
ফুর্সুৎ সার্থক কর্বার ভেলকি!
উস্খুস্ হাত! বিশ্বকর্ম্মার খেল্ কি!
তন্দ্রার হুদ্দোয় এক্লার দোক্লা!
চর্কাই এক্জাই পয়সার টোক্লা!
চরকার ঘর্ঘর হিন্দের ঘর-ঘর!
ঘর-ঘর হিক্মৎ,—আপনায় নির্ভর।
লাখ লাখ চিত্তে জাগল সাড়া,—
দাঁড়া আপনার পায়ে দাঁড়া।
* * *
নিঃস্বের মূলধন, রিক্তের সঞ্চয়,
বঙ্গের স্বস্তিক চর্কার গাও জয়!
চর্কায় দৌলৎ। চর্কায় ইজ্জত!
চর্কায় উজ্জ্বল লক্ষ্মীর লজ্জৎ!
চর্কার ঘর্ঘর গৌড়ের ঘর-ঘর।
ঘর-ঘর গৌরব,— আপনায় নির্ভর!
গঙ্গায় মেঘনায় তিস্তায় সাড়া,—
দাঁড়া আপনার পায়ে দাঁড়া!
* * *
চন্দ্রের চর্কায় জ্যোৎস্নার সৃষ্টি!
সূর্য্যের কাট্নায় কাঞ্চন বৃষ্টি!
ইন্দ্রের চর্কায় মেঘ জল থান থান।
হিন্দের চরকায় ইজ্জৎ সম্মান!
৭৬