অগ্নিস্ফুলিঙ্গ যেমন ফুৎকারে প্রজ্বলিত হইয়া গ্রাম ও নগর দগ্ধ করে,সেইরূপ সামান্য কারণেও ক্রোধোদয় হইয়া, পৃথিবীতে তদপেক্ষা গুরুতর বিভ্রাটই ঘটিয়া থাকে। উগ্রতা বশতঃ মুহূর্ত্ত মধ্যে যে ক্ষতি হইতে পারে, চিরজীবনে তাহার প্রতিকার হয় না। কোন কোন লোক এমন অসহিষ্ণু যে, পরিবার মধ্যে বিসম্বাদ ঘটাইয়া পরের নিকট গৃহচ্ছিদ্র প্রকাশ করিয়া দেয়। অত্যধিক উগ্রতাই তাহাদিগকে অন্ধ করিয়া ফেলে। কিন্তু কালক্রমে পরের দ্বারা নিন্দিত ও নিগৃহীত হইয়া, তাহার এই অপরিণামদর্শিতার প্রায়শ্চিত্ত করিয়া থাকে। পরিবারস্থ সকলে যাহাতে সহিষ্ণু ও ক্ষমাশীল হয়, ভগবতী দেবী সর্ব্বপ্রযত্নে সেই চেষ্টা করিতেন। কন্যাগণ কোন নবীনা বধূর কোন ত্রুটি উল্লেখ বা তাহার উপর দোষারোপ করিলে ভগবতী দেবী বলিতেন, “সংসারের সামান্য বিষয়ে এরূপ দৃষ্টি কেন? আহা! ছোট ছোট বৌগুলি মা বাপের কোল হইতে আমার কাছে আসিয়াছে। আমি যদি উহাদের মুখের দিকে না চাহিব, তবে আর কে চাহিবে? তোমরাও আমার নিকট যেরূপ, উহারাও সেইরূপ। তোমাদের শত শত দোষ দিবারাত্রি মাপ করিতেছি, আর উহাদের দোষ কি আমি মাপ করিব না? কই, বৌমারা ত তোমাদের নামে কখন কিছু বলে না। তোমাদের দেখি কত সুখ্যাতি করে।” জ্যেষ্ঠ ভ্রাতা কি ভগিনী কোন কনিষ্ঠ ভ্রাতা কি ভগিনীকে প্রহার কি তিরস্কার করিলে, যদি সে তাঁহাকে বলিতে আসিত, তিনি বলিতেন, “অন্যায় কার্য্য করিয়াছ সেই জন্য মারিয়াছে। আর ওরূপ কার্য্য করিও না, দেখিবে কত ভাল বাসিবে।” পরিশেষে জ্যেষ্ঠ সহোদর কিম্বা জ্যেষ্ঠা ভগিনীকে সুযোগক্রমে বলিতেন, “আহা, ছোট ছোট ভাই, বোনগুলিকে ওরূপ করিয়া
পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১১৩
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পারিবারিক জীবন।
৯৯