এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভগবতী দেবী।
প্রথম পরিচ্ছেদ।
জন্ম ও বাল্যজীবন।
এই পৃথিবীর কত স্থানে কত সূর্য্যকান্তমণি, সূর্য্যকিরণব্যতিরেকে হীনপ্রভ হইয়া রহিয়াছে, কে তাহার গণনা করে। কত উদারচেতা নরনারীর উন্নতচরিত্র আলোচনার অভাবে বিস্মৃতি-সলিলে বিলীন হইতেছে, কে বা তাহার সন্ধান রাখে। প্রতিভা ইহজগতে আদরণীয় ও পূজনীয়, এবং ইহা ঐশ্বরিক দান। করুণাময় জগদীশ্বর ধনিনির্ধন নির্ব্বিকল্পে ও নরনারীনির্ব্বিশেষে এই স্বর্গীয় ধন সকলকে বিতরণ করেন। আমরা খনা লীলাবতী প্রভৃতিতে বুদ্ধিগৌরবের পরাকাষ্ঠা দেখিয়া মুগ্ধ হই, রাণী ভবানী অহল্যাবাই প্রভৃতিতে সেবাধর্ম্ম ও শাসন-নৈপুণ্য দেখিয়া পুলকিত হই, তারাবাই দুর্গাবতী প্রভৃতিতে সামরিক কৌশল ও নীতিজ্ঞানের পরিচয় পাইয়া মুক্তকণ্ঠে তাঁহাদের যশোগানে প্রবৃত্ত হইয়া