বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভগবতীদেবী।

বিদ্যমান থাকিতেন। কায়মনোবাক্যে পরপীড়নপরিবর্জ্জন, সকলের প্রতি অভিন্নপ্রীতি ও প্রিয়চিকীর্ষা, যথাশক্তি দান,—এই শাশ্বতব্রতে বাল্যকাল হইতেই তিনি দীক্ষিত ছিলেন। স্বাভাবিক ধৈর্য্য, সহিষ্ণুতা, কর্তব্যনিষ্ঠা ও ঈশ্বরে একান্ত অনুরাগ প্রভৃতি গুণে তিনি বিভিন্নপ্রকৃতি লোকদিগকে লইয়া বহুতর লোকহিতকর কার্য্য করিয়াছিলেন। পিতার অবিদ্যমানতায় অন্যান্য সহোদর ও সহোদরা এবং তাঁহাদের সন্তানগণের লালন পালনের ভার গ্রহণ করিয়া পিতার সুনাম রক্ষার জন্য এক্ষণে তিনি যত্নবান্ হইলেন। তখন হিন্দুর একান্নবর্ত্তী পরিবারস্থ সকলে কিরূপ সুখস্বচ্ছন্দে দিনযাপন করিতেন, তাহার দৃষ্টান্ত এদেশে বিরল ছিল না। তখন লোকে অর্থোপার্জ্জন করিয়া তাহার সদ্ব্যয় করিতে জানিতেন। স্বীয় পুত্র, কন্যা ও পরিবারবর্গকেই সুখী করিয়া তাঁহারা ক্ষান্ত থাকিতেন না। আত্মীয় স্বজনের সেবা, জ্ঞাতিবর্গের যথাশক্তি সাহায্য, মৃত আত্মীয় স্বজনের অনাথ ও নিরাশ্রয় পুত্রকন্যাগণের ভরণপোষণ, ধর্ম্মালোচনা, দোল, দুর্গোৎসব প্রভৃতি বারমাসে তের পার্ব্বণ, ব্রাহ্মণ ভিক্ষুককে দান, স্বীয় ভবনে শাস্ত্রকথা, কথকতা ইত্যাদির ব্যবস্থাবিধান প্রভৃতি নিষ্ঠাবান্ হিন্দুগৃহস্থোচিত কার্য্য ছিল। এবং ইহাতেই তাঁহারা আত্মপ্রসাদ লাভ করিতেন। অপর দিকে গুরুজনের প্রতি ভক্তি ও বাধ্যতা ছিল; গৃহস্বামীকে সকলে দেবতার ন্যায় ভক্তি ও সম্মান করিতেন, সংসারের মধ্যে কেহ উপার্জ্জনে অপারগ হইলে, তিনি শারীরিক পরিশ্রম দ্বারা সংসারের কল্যাণসাধনে যত্নবান্ হুইতেন এবং গৃহস্বামীর অনুগত থাকিয়া সতত তাঁহার আজ্ঞা প্রতিপালন করিতেন। এইরূপে হিন্দুর এক একটা একান্নবর্ত্তী পরিবার সংসার-