ত্রয়োদশ পরিচ্ছেদ।
সময়ের সদ্ব্যবহার।
একজন ইউরোপীয় প্রসিদ্ধ পণ্ডিত বলিয়াছেন, “লোকে সময়ের অভাব বলিয়া সত্রত আক্ষেপ করিয়া থাকে। কিন্তু প্রকৃতপক্ষে তাহাদের কার্য্যের তুলনায় এত অধিক সময় রহিয়াছে যে, তাহার ব্যবহার সম্বন্ধে তাহারা নিতান্ত অনভিজ্ঞ। তাহারা হয় নিতান্ত অলসভাবে সময় নষ্ট করে, না হয় নিতান্ত উদ্দেশ্যবিহীন কার্য্যে সময় অতিবাহিত করিয়া থাকে। লোকে আপনাদিগের জীবিত কাল অতি সঙ্কীর্ণ বলিয়া সাতিশয় ক্ষোভ প্রকাশ করে বটে, কিন্তু কার্যক্ষেত্রে তাহারা সময়ের প্রতি এতদূর অবজ্ঞা ও অনাদর প্রকাশ করিয়া থাকে, যেন বোধ হয়, তাহাদের জীবিতকাল অনন্ত ও নিত্যস্থায়ী।”
দীর্ঘ জীবনাকাঙ্ক্ষা মানবজাতির সাধারণ ধর্ম্ম। সকলেই দীর্ঘ জীবনের জন্য নিরতিশয় আগ্রহ প্রকাশ করিয়া থাকে বটে, কিন্তু সময়ের যে সকল অংশের সমষ্টি দ্বারা জীবিতকাল পূর্ণ হয়, তৎসমুদয় ইহারা অতিশয় অবহেলার সহিত নষ্ট করিয়া ফেলে। পল, দণ্ড, প্রহর প্রভৃতি সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ গুলি একত্র হইয়া দিন, মাস, বর্ষ, যুগ প্রভৃতি হয়, এবং এই দিন, মাস প্রভৃতির সমষ্টিই মনুষ্যের জীবিতকাল বলিয়া পরিগণিত হইয়া থাকে। যাহারা পল, দণ্ড, প্রহর প্রভৃতির অপব্যয় করে, তাহারা ক্রমে বর্ষ, যুগ প্রভৃতিরও অপ