বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৫

প্রণয়, স্নেহাদি সকলই সেই এক অনুরাগ মহোদধিরই ভিন্ন ভিন্ন তরঙ্গ মাত্র! সেইজন্য মনে হয়, ইহা দামোদরের জলোচ্ছাস নহে! —ইহা সেই দেবনদী কালিন্দীরই জলোচ্ছাস! ইহা জলোচ্ছাস নহে! —ইহা প্রেম-ভক্তির কঠোর পরীক্ষা! মাতৃভক্ত বীর বিদ্যাসাগর কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হইবার জন্য বাহ্যজ্ঞানশূন্য হইয়া মাতৃপদ স্মরণ করিতে করিতে প্রবল জলোচ্ছ্বাসে যখন ঝাঁপ দিলেন, তখনই মাতৃরূপিণী আদ্যাশক্তি তাঁহাকে বক্ষে ধারণ করিয়া পরপারে উত্তীর্ণ হইলেন। ভক্ত জীবনের পরীক্ষাই এইরূপ! সৃষ্টির বিনাশ আছে—কিন্তু ভক্তের বিনাশ নাই! ভক্তের রক্ষার জন্য ভগবানের সুকোমল পবিত্র হস্ত সর্ব্বস্থানে সতত প্রসারিত! ভক্ত,—অক্ষয়—অব্যয়–অবিনশ্বর!

 পাঠকগণ! একবার হৃদয়ে উপলব্ধি করুন, স্নেহ ভক্তির কিরূপ সন্নিপাতে, কিরূপ বিনিময়ে এরূপ মাতৃভক্ত বীর সন্তানের সৃষ্টি হইতে পারে! ধন্য সন্তানবাৎসল্য! ভগবতী দেবী, তোমার সমস্তই বিচিত্র! তোমার তুলনা একমাত্র তোমাতেই সম্ভবে!