এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮২
ভগবতীদেবী।
জানলে হয়'!—কিরূপ করিয়া মরিতে হয়, যথার্থই তাহা তুমিই জানিয়াছিলে! তোমার অক্ষয় স্বর্গলাভ হউক!”
ক্রমে ভগবতী দেবীর সংজ্ঞালোপ হইল। পুত্রপ্রদত্ত জলবিন্দু ওষ্ঠপ্রান্তে গড়াইয়া পড়িতে লাগিল। নাভিদেশ ঘন ঘন স্পন্দিত হইতে লাগিল। সাধ্বী সতী যোগনিদ্রায় অভিভূত হইলেন!—মুখমণ্ডলে অপূর্ব্ব শান্তি! অপূর্ব্ব মাধুরী!—জীবাত্মা দেহ-পিঞ্জর হইতে ধীরে ধীরে পরমাত্মায় লীন হইতেছে!—এ মহাসঙ্গম! এ গম্ভীর দৃশ্য দেখিয়া ভাবে বিহ্বল হইয়া যাইতে হয়! যেন স্বতই মনে হয়, মা আনন্দময়ি!—এ কি তোমার বিচিত্র লীলা! শুনিয়াছি সাধ্বী সতী পতিব্রতা রমণীর হৃদয়ে তুমি আনন্দময়ীরূপে সতত বিরাজ কর। মা! মরণেও তুমি আনন্দময়ীরূপে স্বপ্রকাশ!—একি তোমার আনন্দের লীলা খেলা!—মা! তোমার তত্ত্ব কিছুই বুঝিতে পারিলাম না!