বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮৪
ভগবতীদেবী।

পুণ্যতীর্থ কাশীধামে, জাহ্নবীবক্ষে, মণিকর্ণিকায়, ঐ চিতা ধক্‌ ধক্‌ করিয়া জ্বলিতেছে! ঐ চিতাগ্নিতে সতীর পবিত্র দেহ পুড়িতেছে! সৌন্দর্য্য পুড়িতেছে! বিশ্বপ্রেম পুড়িতেছে!—সরলতা, কোমলতা; পবিত্রতা, প্রফুল্লতা পুড়িতেছে!—ওজস্বিতা, তেজস্বিতা; মনস্বিতা, দীনতা; মহানুভবতা, পরার্থপরতা, সহিষ্ণুতা পুড়িতেছে!—মহত্ত্ব মিতাচার; দয়া, পরোপকার; সৌজন্য, সদাচার; কর্ত্তব্যবুদ্ধি সমস্তই পুড়িতেছে!—বিদ্যাসাগরের জীবনের জ্যোতিঃ পুড়িতেছে!—এই সকলের সমষ্টি পুণ্যশীলা, দীনজননী ভগবতী দেবী পুড়িয়া ক্রমে চিতাভস্মে পরিণত হইতেছেন!—মানবজীবনের ইহাই পরিণাম!— জগতের ইহাই নিয়ম!

 জগৎ!—অর্থাৎ যাহা যায়!—মানুষ জন্মে, আবার মরে!—পশু, পক্ষী, কীট, পতঙ্গ সকলেই জন্মে, আবার দুইদিন পরে মরে!—বৃক্ষ, গুল্ম, লতা সকলেই জন্মে ও মরে!—নির্ম্মলসলিলা, প্রাণরূপিনী স্রোতস্বিনী, নয়নানন্দকর, গাম্ভীর্য্যময় সুনীল পর্ব্বতরাজি, অপূর্ব্ব বৈচিত্র্যময়ী ধরিত্রী, সৌরজগতের কেন্দ্রীভূত এবং উদ্ভিজ্জ ও জীব জগতের প্রসবিতা সবিতৃদেব, অনন্ত ব্যোমব্যাপী সুবিচিত্র জ্যোতিষ্কমণ্ডলী—সকলেরই আদি ও পরিণাম—ঐ জন্ম ও মৃত্যু; প্রকাশ ও বিনাশ; উৎপত্তি ও নয়! সকলেই আসে ও কিছুদিনের জন্য বিশ্বে নিজ নিজ লীলা প্রদর্শন করিয়া অনন্তে বিলীন হয়!

 সমস্তই যায়!—কিছুই কি থাকে না? মানুষ মরে, কিন্তু মৃত্যুকেও উপহাস করে, এমন কি কিছু তাহার মধ্যে আছে?—মানুষের