নন্দনগণ কৃষ্ণারূপিণী অধিষ্ঠাত্রী দেবীর সেবায় মুগ্ধ হইয়া ভীষণ বনবাসরূপ অসহ্য ক্লেশ অনায়াসে স্হ্য করিয়াছিলেন। দরিদ্র ঠাকুরদাসও তাঁহার পর্ণকুটীরের অধিষ্ঠাত্রী দেবী পুণ্যশীলা ভগবতী দেবীর—সদনুষ্ঠান ও সদাচারে মুগ্ধ হইয়াছিলেন বলিয়াই, প্রবাসবাস ও দুঃখদারিদ্রজনিত অশেষ ক্লেশ,ক্ষণেকের জন্যও তাঁহার মনে অশান্তি উৎপাদন করিতে পারে নাই। এবং সন্ন্যাসিশ্রেষ্ঠ ভিখারী দেবাদিদেব মহাদেব অন্নপূর্ণা দেবীর সাহায্যে যেরূপ তাঁহার চিরদারিদ্র্যপূর্ণ সংসারেও সুখ শান্তি স্থাপন করিয়া ধনাধিপতি কুবেরেরও পূজ্য হইরাছিলেন, সেইরূপ দরিদ্র ঠাকুরদাস ও তাঁহার সহধর্ম্মিণী পুণ্যবতী ভগবতী দেবীর লোকসেবা, ধর্ম্মানুষ্ঠান ও মায়া মমতার সাহায্যে, তাঁহার ধনী নির্ধন সমস্ত আত্মীয় স্বজনের ভক্তি ও সম্মান লাভ করিয়াছিলেন।
ভগবতী দেবী অতিশয় বুদ্ধিমতী এবং মিতব্যয় ও মিতাচারে অভ্যস্তা ছিলেন বলিয়া তাঁহার শ্বশ্রূদেবী গৃহের আয় ব্যয় সম্বন্ধীয় সকল কার্য্য নির্ব্বাহের ভার তাঁহার উপরেই অর্পণ করিয়াছিলেন। তিনি এই দরিদ্র সংসারেও অতি যত্ন সহকারে ও পবিত্রভাবে নিত্য নৈমিত্তিক ধর্ম্মানুষ্ঠান সকল সুসম্পন্ন করিতেন। ফলতঃ ভগবতী দেবীর গুণেই ঠাকুরদাসের পর্ণকুটীর শান্তিপূর্ণ পুণ্যাশ্রমে পরিণত হইয়াছিল। সংসারের শ্রীবৃদ্ধি-সাধনের জন্য ভগবতী দেবী দিবারাত্রি সমভাবে পরিশ্রম করিতেও ক্লান্তিবোধ করিতেন না। নিশীথে যখন গৃহের প্রায় সকলেই নিদ্রার সুকোমল ক্রোড়ে বিশ্রামমুখ উপভোগ করিতেন, তখনও তিনি জাগরিত থাকিয়া পরিবারস্থ সকলের পরিধেয় বস্ত্র প্রস্তুত করিবার নিমিত্ত চরকায় সূতা কাটিতেন।