করিয়া দেশকে পবিত্র করিয়াছেন, কত অমূল্য সত্যরত্ন দান করিয়া দেশকে সমৃদ্ধিশালী করিয়াছেন, তাহার ইয়ত্তা নাই। এই সেই পুণ্যভূমি ভারতভূমি, যেখানে পুণ্যতোয়া ভাগীরথী, সরস্বতী, দৃষদ্বতী, নর্ম্মদা, সিন্ধু, কাবেরী প্রভৃতি স্রোতস্বিনীগণ প্রবাহিত হইয়া দেশকে পবিত্র করিতেছে। এই সেই পুণ্যভূমি ভারতভূমি, যেখানে আর্য্যকুলতিলক ঋষিগণ মনোহর আশ্রমে উপবেশন করিয়া সমতানে সমস্বরে সেই আদিদেবের স্তুতিবাদ করিতেন, আর সামগানে তাঁহার মহিমা কীর্ত্তন করিতেন। এই সেই দেবলোক ভারতভূমি, যেস্থানের নৈমিষারণ্যে শ্বেতশ্মশ্রুধারী, দীর্ঘকায়, তেজঃপুঞ্জ, শুদ্ধচেতা মুনিগণ ভগবদ্ভক্তিরস পান করিতে করিতে ভক্তিতত্ত্ব ব্যাখ্যা ও শ্রবণ করিতেন। এই সেই দেবলোক ভারতভূমি, যেখানে ধ্যানস্তিমিতলোচন সমাধিস্থ যোগিগণ একান্তমনে পর্ব্বতকন্দরে বা সরযূতটে ব্রহ্মধ্যানে মগ্ন হইয়া চিদানন্দ পুরুষের দর্শনে অপার যোগানন্দ সম্ভোগ করিতেন। এই সেই পুণ্যের লীলাক্ষেত্র ভারতভূমি, যেখানে বুদ্ধ, শ্রীচৈতন্য, নানক আবির্ভূত হইয়া পতিত নরনারীর উদ্ধারসাধন করিয়াছিলেন। এই সেই পুণ্যের লীলাক্ষেত্র ভারতভূমি যেখানে কুমারিলভট্ট, শঙ্করাচার্য্য, কবীর, রামানুজ, রামমোহন প্রভৃতি মহাপুরুষগণ জন্মগ্রহণ করিয়া স্ব স্ব ধর্ম্মমত প্রচার করিয়াছেন। ভারতভাগ্য চিরদিনই এইরূপ বিধাতার অযাচিত অনুকম্পালাভে সুপ্রসন্ন।
বিধাতার রাজ্যে একাদিক্রমে অন্যায় অত্যাচার অধিকদিন রাজত্ব করিতে পারে না। মানবজীবন ধারাবাহিকরূপে অধিক দিন অশেষ ক্লেশ সহা করিতে পারে না। জনসমাজ দুরাচারী পাপ-ভারাক্রান্ত