ভূমিকা।
মানবদেহ নশ্বর। জগতে কিছুই চিরস্থায়ী নহে। কিন্তু যতদিন জগৎ থাকিবে, ততদিন গুণের আদর থাকিবে। কারণ, গুণই চিরস্থায়ী,—প্রতিভাই চির আদরণীয় ও পূজনীয়। প্রকৃত প্রতিভাসম্পন্ন ব্যক্তিই প্রকৃতির সূক্ষ্মশক্তির পরিচায়ক ও তাঁহারাই মানুষের আদর্শ। প্রতিভা দৈবশক্তি বলিয়া বিশ্বব্রহ্মাণ্ডে তাঁহাদের শক্তি বিসর্পিত।
জীবনী সমালোচনা লোকশিক্ষার প্রধান অবলম্বন। করুণার প্রতিমূর্ত্তি, পুণ্যশীলা ভগবতী দেবীর ন্যায় ভাগ্যবতী নারীরত্বের জীবনী সমালোচনায় অনেক শিখিবার আছে। বিশ্বজনীন ভক্তি—প্রীতি যাঁহার পুরস্কার, তাঁহার জীবনী আলোচনায় পুণ্য আছে।
প্রাতঃস্মরণীয়া রাণী ভবানী, অহল্যাবাই প্রভৃতি যে সকল রমণীরত্ন জন্মগ্রহণ করিয়া পুণ্যের লীলাক্ষেত্র ভারতভূমিকে ধন্য করিয়াছেন, তাঁহাদের সহিত আমাদিগের পুণ্যশীলা ভগবতী দেবীর তুলনা সম্ভবে কি? তাঁহারা রাজরাজেশ্বরী, ধনশালিনী,—আর ভগবতী দেবী পর্ণকুটীরবাসিনী। বহির্জগতে পার্থক্য দৃষ্ট হইলেও আমাদিগের মনে হয়, অন্তর্জগতের ব্যাপারে সকলেই একরূপ। নদীতে বন্যা আসিলে, যেমন নদীহৃদয় পরিপূর্ণ করিয়া অগাধ জলরাশি নদীর দুই পার্শ্ব প্লাবিত করে,—উচ্চ নীচ দেখে না, পাহাড় পর্ব্বত মানে না,—অপ্রতিহত প্রভারে আপনার বলে আপনি ধাবিত হয়, সেইরূপ যে প্রেম ভগবতী দেবীর হৃদয় পরিপুর্ণ করিয়া চতুর্দ্দিকের বাধা, বিঘ্ন, প্রলোভন না মানিয়া