৷৵৹
আপনার মহালক্ষ্যপথে ধাবিত হইয়াছিল, যে প্লাবনে জাতিধর্ম্মনির্ব্বিশেষে স্বদেশের ও বিদেশের শত শত নরনারীকে ভাসাইয়া লইয়া গিয়াছিল, সে প্রেমের তুলনা কোথায়!
এই পুণ্যশীলা নারীরত্বের জীবনচরিত লিখিতে হইলে, যে সকল উপাদানের প্রয়োজন, তৎসমুদয় সম্যক্রূপে সংগ্রহ করিবার কোন উপায় নাই। কারণ কালবশে তাহার অধিকাংশই বিস্মৃতির অতল সলিলে নিমগ্ন হইয়াছে। যাহা হউক আমরা বিশ্বস্তসূত্রে যতদূর সংগ্রহ করিতে পারিয়াছি, তাহার ত্রুটি করি নাই। এই পুস্তকসন্নিবিষ্ট অধিকাংশ ঘটনা আমরা ভগবতী দেবীর কনিষ্ঠা কন্যা মন্দাকিনী দেবীর নিকট হইতে সংগ্রহ করিয়াছি। তিনি আবেগময়ী ভাষায় মাতৃচরিত্র বর্ণনা করিয়া তাঁহার জননীর দিব্যমূর্তি আমাদিগের চিত্তক্ষেত্রে অঙ্কিত করিয়া দিয়াছিলেন। কলিকাতা টাউন স্কুলের ভূতপূর্ব প্রধান পণ্ডিত বীরসিংহনিবাসী ৺রামেশ্বর বিদ্যাবাগীশ, ওরিয়েণ্টাল সেমিনারীর শিক্ষক শ্রীযুক্ত অম্বিকাচরণ চট্টোপাধ্যায়, পুড়শুড়ী নিবাসী শ্রীযুক্ত দুর্গাদাস মুখোপাধ্যায়, ও বিদ্যাসাগর মহাশয়ের পুত্র শ্রীযুক্ত নারায়ণচন্দ্র বিদ্যারত্ন মহাশয়ের নিকট হইতেও আমরা কয়েকটা ঘটনা সংগ্রহ করিয়াছি।
উপসংহারে কৃতজ্ঞতার সহিত জানাইতেছি যে, ভগবতী দেবীর মধ্যমা কণ্ঠা ৺দিগম্বরী দেবীর পৌত্র, ডাক্তার ভোলানাথ মুখোপাধ্যায় মহাশয় এ পুস্তকের উপাদান সংগ্রহ বিষয়ে আমাদিগকে যেরূপ সাহায্য করিয়াছেন, তাহাতে চিরদিন তিনি আমাদের ধন্যবাদভাজন হইয়া রহিলেন।
|
কলিকাতা, |
|
গ্রন্থকার। |