দ্বিতীয় সংস্করণের বিজ্ঞাপন
কতিপয় উচ্চ ইংরাজী বিদ্যালয়ের কর্ত্তৃপক্ষগণের কৃপাদৃষ্টিতে এবং জন সাধারণের উৎসাহে অল্পদিনের মধ্যেই এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণের প্রয়োজন হইল। বঙ্গের যে বিরাট্ মহাপুরুষ ক্ষুদ্র বীরসিংহ পল্লীতে জন্মগ্রহণ করিয়া সমগ্র বঙ্গভূমিকে পবিত্র করিয়াছিলেন, যিনি আর্য্যঋষি-প্রদর্শিত ত্যাগধর্ম্মের জ্বলন্ত দৃষ্টান্তস্বরূপ, বঙ্গের অশেষবিধ কল্যাণসাধনার্থ আত্মোৎসর্গ করিয়াছিলেন, সেই পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়, দেশপূজ্য বিদ্যাসাগর মহাশয়ের পরমারাধ্যা পুণ্যশীলা জননী ভগবতী দেবীর চরিত্র-চিত্র স্বদেশবাসিগণ সাদরে গ্রহণ করিয়া যে স্বর্গীয় মহাত্মার প্রতি সম্মান প্রদর্শন করিয়াছেন, সেইজন্য এই দীনহীন গ্রন্থকার ধন্য হইয়াছে। আশা করি এই গ্রন্থের বহুল প্রচারকল্পে বিদ্বৎসমাজ উত্তরোত্তর অধিকতর উৎসাহ প্রদান করিয়া গ্রন্থকারকে কৃতার্থ করিবেন।
|
কলিকাতা, |
|
গ্রন্থকার। |