বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৬
ভগবতীদেবী।

ও ক্ষীণজীবী ছিলেন। সুতরাং তাঁহার পক্ষে অষ্টম বর্ষীয় বালককে স্কন্ধে করিয়া অধিক দূর গমন করা সহজ ব্যাপার নহে। ঠাকুরদাস তাঁহাকে কখনও স্কন্ধে, কখনও ক্রোড়ে করিয়া চলিলেন। অনন্তর তাঁহারা সন্ধ্যার সময় রামনগরের রামতারক মুখোপাধ্যায়ের বাটীতে উপস্থিত হইলেন। বিদ্যাসাগরের পদদ্বয়ের বেদনা লাঘবের জন্য পিতৃস্বসা অন্নপূর্ণা দেবী উষ্ণ তৈল দ্বারা পদদ্বয় মর্দন করিয়া দিলেন। পরদিন পিতাপুত্রে তথায় অবস্থিতি করিলেন। তৎপর দিন বৈদ্যবাটীর পথে আগমন করিলেন, এবং নৌকাযোগে সন্ধ্যার সময় কলিকাতায় উপস্থিত হইলেন।

 হিন্দু কলেজ স্থাপিত হইলে, সহরে উচ্চ শিক্ষা দিবার পথ উন্মুক্ত হইয়াছিল। কিন্তু তৎপূর্ব্বে শিক্ষার অবস্থা অতিশয় শোচনীয় ছিল।অথচ মধ্যবিত্ত লোকদিগের অন্তঃকরণে সন্তানদিগকে ইংরাজী শিক্ষা দিবার প্রবৃত্তি দিন দিন প্রবল হইতে লাগিল। সুবিধা বুঝিয়া কয়েকজন ইংরাজ কলিকাতার স্থানে স্থানে ইংরাজী স্কুল স্থাপন করিলেন। এই সকল স্কুলে উত্তীর্ণ ছাত্রদিগের মধ্যে যাঁহারা প্রসিদ্ধ ছিলেন, তাঁহারা অসংলগ্ন ব্যাকরণহীন ইংরাজী বলিতে পারিতেন এবং লিখিতে পারিতেন বলিয়া তৎকালীন কলিকাতা সমাজে ইহাদের খ্যাতি প্রতিপত্তির সীমা ছিল না।

 সে সময়ে যে ইংরাজী শিক্ষা দেওয়া হইত, তাহার বিষয় কিছু উল্লেখ করা আবশ্যক। সে সময়ে বাক্যরচনাপ্রণালী বা ব্যাকরণ প্রভৃতি শিক্ষা দিবার দিকে আদৌ দৃষ্টি ছিল না। কেবল ইংরাজী শব্দ ও তাহার অর্থ শিখাইবার দিকে প্রধানতঃ মনোযোগ দেওয়া হইত। যে যত অধিকসংখ্যক ইংরাজী শব্দ ও তাহার অর্থ কণ্ঠস্থ করিত, ইংরাজী ভাষায় সুশিক্ষিত বলিয়া তাহার তত খ্যাতি প্রতিপত্তি হইত। এরূপ শুনা যায়, শ্রীরাম-