প্যারী নগর।
বেলা প্রায় ১০টার সময় প্যারী নগরে নামিলাম, এখানে অনেকগুলি ষ্টেশন আছে। তার মধ্যে “প্যারী লয়েন”এ নামিয়া “প্যারী নর্ড” হইয়া “ক্যালে” যাইতে হয়। এ দুটি ষ্টেশনে রেলপথে যাইতে ১০।১২ মাইল। যাইতে প্রায় দেড় ঘণ্টা লাগে। তাহার কারণ রেল লাইনটি সহর ঘুরিয়া গিয়াছে। কিন্তু ঘোড়ার গাড়ী করিয়া সোজা পথে যাইতে অতি কম দূর ও প্রায় সেই সময়ের মধ্যেই পৌঁছান যায়। তাহাতে দুই ফ্র্যাঙ্ক বা এক টাকা চার আনা মাত্র ভাড়া লাগে। অথচ সহরের ঠিক ভিতর দিয়া যায় বলিয়া সহরটিও দেখা হয়। তাই যাঁহারা বিলাত যাইবার পথে প্যারী নগরে একদিনও থাকেন না, বরাবর চলিয়া যান, তাঁহারা অনেকে ঘোড়ার গাড়ী করিয়াই ‘প্যারী লয়ন’ হইতে ‘প্যারী নর্ডে’ সহরের ভিতর দিয়াই গিয়া থাকেন।
যদিও প্যারী নগর সর্ব্বাপেক্ষা সুন্দর সহর, কিন্তু আয়তনে বেশী বড় নয়। সমস্ত সহরটি লণ্ডনের সহিত তুলনার একটি পাড়ার মত। রাস্তাঘাটগুলি সোজা সোজা ও পরিষ্কার পরিচ্ছন্ন ও দু-ধারের বাড়ীগুলি অতি সুন্দর ও প্রায় এক রকমই দেখিতে। মোটামুটী বলিতে গেলে মার্সেল সম্বন্ধে যে সব কথা, রাস্তাঘাট ঘরবাড়ী ইত্যাদি বিষয়ে বলিয়াছি, সকল কথাই এ সহরের পক্ষেই প্রযুজ্য। তেমনি অনেকগুলা উচু উচু বাড়ী। বড় বড় কাঁচের জানালা বসান দোকান ঘর। তাতে সুন্দরভাবে নানাপ্রকার জিনিস সাজান ও অধিকাংশ জিনিসেরই দাম লেখা। সুসজ্জিতা রমণীরা বেচাকেনা করেন। যেখানে সেখানে সাইনবোর্ড ও এডভার্টিজমেণ্ট। রাস্তা জনতার পরিপূর্ণ। লোকগুলির সকলেরই ক্ষিপ্রপদ নিক্ষেপ ও ব্যস্ত ভাব।