অভ্যর্থনা করিলেন। সকলের মনেই এক অপূর্ব্ব আশার সঞ্চার হইল। সৈন্যদলের অধিপতি হইয়া বালিকা অবরুদ্ধ “অরলিয়নস্” নগরে যুদ্ধযাত্রা করিলেন। তাঁহার উৎসাহ ও উত্তেজনায় যাবতীয় সৈনিকদের মন আশা উৎসাহে ও আনন্দে ভরিয়া গেল।
নূতন উল্লাসের সে দুর্দ্ধর্ষ বেগের কাছে দাঁড়ায় কে। পলে পলে ইংরাজসেনা বিধ্বস্ত ও স্থানভ্রষ্ট হইতে লাগিল। অবশেষে অবরোধ তুলিতে হইল। তখন বিপুল জয়োল্লাসে ফরাসী সেনা সেই নগরে প্রবেশ করিয়া অচিরে রাজকুমারকে “রীমাস্” নগরে রাজ্যাভিষিক্ত করিল। এর পর হইতে সর্ব্বত্রই সৌভাগ্য। ফরাসী সেনা যেখানে যায় সেইখানেই বিজয়ী। শেষে এমন অবস্থা হইল যে, ইংরাজের “ক্যালে” বন্দর ছাড়া ফরাসীদেশের ভূমিখণ্ডে আর কোনও স্থান রহিল না।
কিন্তু এরূপ শক্তি বেশী দিন স্থায়ী হয় না। এরূপ আশার অতীত সৌভাগ্যও দীর্ঘকাল রহে না। বিদ্যুতের মত সকল ঘটনা ঘটিয়া আবার বিদ্যুতের মতই নিভিয়া গেল।
শেষ যুদ্ধেতে বীরবালা নিজ দেশের লোকের ষড়যন্ত্রতেই ইংরাজের হাতে ধরা পড়িলেন। যার জন্য তাহাদের এত অনিষ্ট, সে লোকের প্রতি লোকে যে কিরূপ ব্যবহার করিবে, তা আর বলিবার আবশ্যক নাই। অবশেষে এই অপবাদ দেওয়া হইল যে তিনি “ডাইনি”। সে কথা তখন লোকে বড়ই বিশ্বাস করিত। ও সেরূপ গুরুতর সন্দেহের এক বিধান জীবন্ত অবস্থায় আগুনে পুড়াইয়া মারা। সেইরূপ ব্যবস্থাই হইতে লাগিল। প্রশস্ত মাঠে লোহার শিকল বাঁধা একটি লোহার খুঁটি পুতিয়া তার নীচে চারিদিকে তৈলাক্ত কাঠ সাজান হইল। এমন সৎকর্ম্মের সমাধা দেখিতে চারিদিকে লোকে আর ধরে না। ভীষণ মুখসপরা হন্তারকদ্বয়ের করকবলে নীত হইয়া বন্দিনী তথায় পৌঁছিলেন।
এই স্থানের কবিগুরু সেক্সপিয়রের বর্ণনাটি বলিবার কথা। সে অমৃত