লেখনীর বর্ণনাটি যেমন সুন্দর, দুরপনের প্রতিবাসী বিদ্বেষ বিষ হিসাবে এক জনার মর্য্যাদা লাঘব করার হিসাবে সেটি তেমনি কুৎসিত। এমন নিরপেক্ষ জগতের কবিও সেকালে প্রতিবেশীর উপর বিদ্বেষ শূন্য হইতে পারিলেন না। অন্তরের ক্রোধ ও ঘৃণা ব্যক্ত করিয়া নিজেরই গৌরবহানি করিলেন। সে স্থানের বর্ণনার ভাবার্থের কথা, প্রথমে আমি নিজের ভাষাতেই বলি। পরে তাঁহারই লিখিত ছত্রগুলি যথাযথ উদ্ধৃত করিয়া শুনাইব।
সেক্ষপীরের বর্ণনা অনুসারে তথায় সেই সকল ভীষণ ব্যবস্থা দেখিয়া মৃত্যুর ভয়ে একান্ত ভীতা হইয়া সেই বালিকা কত ক্রন্দন, কত কাকুতিমিনতি, কত ওজর আপত্তি করিতে লাগিলেন। তাঁর যুদ্ধক্ষেত্রের সে সাহস যেন কোথায় গেল, এখন তিনি নীচশ্রেণীর সামান্য দোষীর মতই দুর্ব্বল হইয়া পড়িলেন। কত প্রকারে সে ভীষণ মৃত্যুর হাত হইতে ত্রাণ পাইবার চেষ্টা করিলেন। বলিলেন,—“আমি স্ত্রীলোক আমাকে মারিও না, আমার উপর দয়া করিয়া আমাকে ছাড়িয়া দাও। “আমার পিতা মাতার কথা ভাবিয়া আমাকে ছাড়িয়া দাও।” পরে যখন তাতেও দেখিলেন নিষ্কৃতি হলো না, তখন মিথ্যা কথা ও অশ্লীল ওজর আপত্তি তুলিয়া শেষ চেষ্টা করিতে লাগিলেন, তা এই—“আমি গর্ভবর্তী, আমার শরীরে জীবন্ত সন্তান আছে, আমাকে মারিও না।”
এতেও যখন শার্দ্দূলদের মন গলিল না, তখন “আমি আমার ঈশ্বরের কাছে আমাকে অর্পণ করিলাম” বলিয়া ক্রশ খানি বুকে ধরিয়া প্রস্তুত হইয়া দাঁড়াইলেন। সেই সময়ে অগ্নি প্রজ্জ্বলিত হইল। আকাশের দিকে স্থির নেত্রে চাহিয়া দেববালা মর্ত্তভূমি ছাড়িয়া গেলেন।
কবিবরের এই স্থানের বর্ণনাটি ভাল হয় নাই। ঘটনা সত্য হইলেও কবিতার খাতিরে এমন পবিত্র মধুর আত্মাকে মধুময় করিয়াই শেষ করা উচিত ছিল। নিঃসন্দেহ মানবজাতির স্বভাব-সিদ্ধ প্রতিবাসিদ্বেষ