বিষয়বস্তুতে চলুন

পাতা:বিলাত ভ্রমণ (প্রথম ভাগ) - ইন্দুমাধব মল্লিক (১৯১০).pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কলম্বো।
৭

হয় এখানে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশী হইবে। কিন্তু জিজ্ঞাসা করিয়া জানিলাম, তাহা নহে। কেন না পাথরের দেশ; আমাদের বঙ্গভূমির মত এ স্থান ভিজে মাটী নয়। সকল গাছগুলিই বড় বড় আকৃতিবিশিষ্ট—ছোট আগাছা নহে। এখানকার নারিকেল গাছগুলি খুব বড় ও ফলও তদুপযুক্ত। এমনি নারিকেল গাছ আমি পেনাঙ্গে দেখিয়াছিলাম। আম এখানে বারমাসই পাওয়া যায়। কলাও খুব বড় বড় হইয়া থাকে। পান গাছ যেখানে সেখানে দেখিতে পাওয়া যায়। সবই সুগন্ধযুক্ত ছাচি পান। “ব্রেডফুরুট” (Bread fruit) বলিয়া এক প্রকার গাছ আছে, শুনিলাম তাহার প্রকাণ্ড প্রকাণ্ড লেবুর মতন বড় বড় ফলগুলি অতি সুখাদ্য। এমন আনারস ও পেঁপে কোথাও দেখি নাই। আমাদের দেশের ঐ ফলগুলির অপেক্ষা এ ফল অন্ততঃ তিন চারিগুণ বড় ও অনেক পরিমাণে সুমিষ্ট। বটগাছগুলি সব বহুদূরব্যাপী অসংখ্য মোটা মোটা জটা নামাইয়া অনেকটা স্থান জুড়িয়া দাঁড়াইয়া আছে। আর বাঁশ গাছের তো কথাই নাই—যেমন মোটা মোটা তেমনি সুন্দর ও সোজা তার পাপরিগুলি। এ সকল ছাড়া চা কফি প্রভৃতি অন্যান্য অনেক দ্রব্য এখানে বহু পরিমাণে জন্মায়। লিপটনের খুব একটি বড় চার কারখানা এই সহরের ভিতরেই আছে। তা ছাড়া একটি বড় “গ্রেফাইট” বা সীসার কারবার আছে। সেখানে অসংখ্য স্ত্রীলোক কাজ করে। আমরা যখন আসিতেছিলাম, তখন তাহারা ছুটি পাইয়া মলিন বসনে বাড়ী যাইতেছিল।

 এখানকার লোকেরা বড় গরীব, ও বড়ই অশিক্ষিত। অনেকে খৃষ্ট ধর্ম্মাবলম্বী। কিন্তু অধিকাংশ লোকই বৌদ্ধধর্ম্মাবলম্বী। স্ত্রীলোকেরা লুঙ্গি পরে ও একটি গলা-ফাঁক “বডি” গায়ে দেয়। মাথায় ঘোমটা নাই, আর স্তনের উপরকার অংশ অর্দ্ধেকটা বাহির করিয়া রাখিতে ভালবাসে। তাহাদের হাসি বড়ই ম্লান। পুরুষদের এক অদ্ভুত বেশ। তারাও লুঙ্গি