বিষয়বস্তুতে চলুন

পাতা:বিলাত ভ্রমণ (প্রথম ভাগ) - ইন্দুমাধব মল্লিক (১৯১০).pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কলম্বো।
১১

প্রভৃতি সুন্দর ফল বিক্রয় হইতেছে। সে রকম আকৃতিবিশিষ্ট ও সে রকম মিষ্ট ফল আর কোথাও দেখি নাই। অনেকগুলি কিনিয়া জাহাজে আনিলাম ও আনিবার সময় আমাদের বাড়ীর ছেলেদের কথা মনে হইতে লাগিল। পিপাসা হওয়াতে ডাব খাইলাম। সে হলদে হলদে ডাবগুলিকে তাহারা “রাজার ডাব” (King Coconut) নাম দিয়াছে। তাতে ছোবড়া নাই—এত নরম যে পেনকাটা ছুরি দিয়া কাটা যায়। এক একটিতে একটি গ্লাস ভরে জল। আর কি যে সুমিষ্ট, তা বলে বুঝান যায় না। তৃপ্তির সহিত আকণ্ঠ পান করিয়া দাম জিজ্ঞাসা করিলে বলিল,—এক একটি চারি আনা।

 এখানে অনেক রকম যানবাহন দেখিলাম। মানুষে টানা রিক্‌স গাড়ী আছে, তাহা ঠিক দ্বিচক্র ছোট হালকা বগি গাড়ীর মত ও খুব দ্রুত চলে। দু চাকার ঘোড়ার গাড়ী ও চার চাকার ঘোড়ার গাড়ী অসংখ্য পাওয়া যায়—তাদের সব কলিকাতার গাড়িভাড়া হইতে ভাড়া সুবিধা। ছতরিওয়ালা গরুর গাড়ী আছে, সে আরও সস্তা ও গরু গুলি অনেক সুস্থ ও সবল। তা ছাড়া বৈদ্যুতিক ট্রাম চলে, তার এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্য্যন্ত ১০ সেণ্ট মাত্র ভাড়া। তবে মোটের উপর কলিকাতা হইতে লোকসংখ্যা ও গাড়ী যাতায়াত কম বলিয়া রাস্তাগুলিও ভাল থাকে।

 এখান হইতে সে স্থানের আদৎ দেশীয় লোকেরা যে পাড়ায় বাস করে, সেই স্থান দেখিতে চলিলাম। সেই সকল স্থান আমাদের কলিকাতার রাস্তার মতন অপরিষ্কার নয়। পূর্ব্বেই স্ত্রীলোকদের ও পুরুষদের বেশভূষার কথা বলিয়াছি। তাহারা খুবই গরীব ও খুবই দুরবস্থাগ্রস্থ বলিয়া মনে হইল। কিন্তু যে কারণেই হউক, আমাদের থেকে খুব পরিষ্কার।

 এখান হইতে আসিতে আসিতে ওলন্দদের রাজধানীর ভগ্নাবশেষ দেখা গেল। সেখানে এখন আর সে সময়ের সমৃদ্ধির কিছুই নাই।