সেই দিকে আকর্ষণ—সেই দিকেই সর্ব্বাপেক্ষা জনতা। অনেকে অসম্ভব দাম দিয়া লইলেন। আর যে সকল পুরুষের ঘরেও হার পরাবার লোক আছেন, তাহারাও অনেকগুলি কিনিলেন। প্রথম এক জনা যে দামে নেন শেষে সে দাম কমিয়া কমিয়া সিকি হইল।
সুন্দর সুন্দর কার্পেটও পাওয়া যায়। তাতে নানারূপ ভাল ভাল মিশর দেশ ও সমাজের ছবি লেখা। তার অধিকাংশেই সোফায় বসিয়া গৃহস্বামী ধূম পান বা চা পান করছেন,আর সামনে নর্তকী নৃত্য করিতেছে। আবার কতকগুলিতে উটের গোল হাওদায় চড়িয়া কোমলদেহা পরদানসীন রমণীরা স্থানান্তরে যাইতেছেন—আর তাঁহাদের স্বামী নিজে উট চালাইয়া পদব্রজে যাইতেছেন। মিশর দেশের প্রায় সকল চিত্রপটেই স্ত্রীলোক, উট ও তাল গাছের চিত্র থাকে।
ছবি আঁকা পোষ্টকার্ড বিক্রয় এখানে একটি প্রসিদ্ধ লাভের ব্যবসা। এখানকার প্রত্নতত্ত্ব সম্বন্ধে যত জিনিষ আছে সবেরই সুন্দর সুন্দর ছবি বিক্রয় হয়। মরুভূমিতে পিরামিড্, ফিন্কস্, ও ভাঙ্গা দেবমন্দির ও অট্টালিকার নানারূপ মূর্ত্তি খোদিত দেওয়ালের ছবি আঁকা। আমি তার অনেক ছবি সঙ্গে আনিয়াছি; বারান্তরে বলিব।
আর একটি কিনিবার জিনিষ—সে দেশের দস্তার পদক। সেগুলিতে নানারূপ জীবজন্তুর মাথা বিশিষ্ট নরমূর্ত্তি বিভিন্ন ভাবে খোদিত আছে। সেগুলি সব সেই দেশেরই দেবতা।
শেষ যেটি কিনিলাম, পূর্ব্বে কিনিয়াও আবার কিনিলাম—সে কতকগুলি ছোট ছোট ফুলের খাতা। প্যালেষ্টাইনের ফুল বলিয়া অনেক খৃষ্টানেরা আগ্রহের সহিত কিনেন। একজন ভারতবর্ষেরই পাদরী মেম বিস্তর কিনিয়া নানা লোককে উপহার পাঠাইলেন, আমিও অনেকগুলি কিনিলাম। ছোট ফুলের এমন সৌন্দর্য্য কোথাও দেখি নাই। খাতাখানি এত ছোট যে বুকের পকেটে রাখা চলে। আর খুলিয়া দেখিলেই মোটা