বিষয়বস্তুতে চলুন

পাতা:বিলাত ভ্রমণ (প্রথম ভাগ) - ইন্দুমাধব মল্লিক (১৯১০).pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সৈয়দ বন্দর।
৩৭

ভাঙ্গা ভাঙ্গা ও কাঁপান সুর গিট্‌কিরী ও গমকবিশিষ্ট। ইংরেজী গানের মত নির্লিপ্ত ও সোজা সোজা সুর নয়। সুরগুলি পরস্পরের সহিত কোলাকুলি করে—গাহিতে গাহিতে গায়কের ও শ্রোতার মুখের ভাব পরিবর্ত্তন হয় ও চোখে জল আসে। আর সে যন্ত্রের সঙ্গীতগুলিও কি মধুর ও সুশ্রাব্য। সবগুলিই তারের যন্ত্র, একটিও বাঁশী বা কোনওরূপ বায়ুযন্ত্র নাই। তারের যন্ত্রগুলির আওয়াজ স্বভাবত আরও নরম ও কোমল এবং চুপে চুপে কথা ও গুমরে কাঁদার মত অস্পষ্ট। বাঁশীর স্বর উচ্চ ও আকুলতা মাখা। রমণী হৃদয়ের মত অস্ফুট ভাবমাখা বলিয়া স্ত্রীকণ্ঠের সহিত গাহিতে পূর্ব্বটি আরও উপযুক্ত হয়। স্বর যত অনুচ্চ হয় ততই মধুর। তাই প্রতিধ্বনির অস্পষ্ট রব ও হৃদয়ের ভিতরকার নিস্তব্ধ সঙ্গীতকল্পনার বিপুল বিস্তার সহায়তা করে বলিয়া সর্ব্বাপেক্ষা মধুর।