বিষয়বস্তুতে চলুন

পাতা:বিলাত ভ্রমণ (প্রথম ভাগ) - ইন্দুমাধব মল্লিক (১৯১০).pdf/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৵৹

করিতে ইন্দুবাবু অদ্বিতীয়। সাধারণতঃ যাহা আমাদের চক্ষু এড়াইয়া যায় ইন্দুবাবু তাহাতে সৌন্দর্য্য দেখেন এবং নানাভাবে সমস্ত প্রাণ দিয়া তাহাকে ব্যক্ত করেন। জীবনের সামান্য সামান্য ঘটনা সুখদুঃখের ছায়ালোকপাতে অনেক সময়ে আমাদের অন্তরে এমন একটি ভাবের লহরী ছুটাইয়া দেয় যাহা জগতের ইতিহাসের অতি বৃহৎ ঘটনায়ও আমরা উপলব্ধি করি না। শিশুর খেলাধূলা হাসিকান্না, জননীর স্নেহচুম্বন স্নেহ দৃষ্টি, যুবকযুবতীর সামান্য সম্ভাষণ আলাপনের মধ্যে যে সৌন্দর্য্য আছে তাহা ভাবোদ্দীপনায় অনেক সময়ে আগ্রার তাজ কিম্বা ঈজিপ্টের পিরামিড্‌কেও পরাভব করে। এই সৌন্দর্য্য অবলোকন, ইহার অনুভূতি এবং ইহার প্রকাশ-ক্ষমতাতেই ইন্দুবাবুর কৃতিত্ব। গ্রন্থের নানাস্থল উদ্ধৃত করিয়া পাঠককে ইন্দুবাবুর এই কৃতিত্বের অনেক পরিচয় দিতে পারিতাম, কিন্তু বাহুল্যভয়ে কেবলমাত্র গ্রন্থের প্রারম্ভের একস্থল উদ্ধৃত করিয়াই ক্ষান্ত রহিলাম। গ্রন্থের ৪এর পৃষ্ঠায় আছে—

 “বন্দরে পৌঁছিবামাত্রই একটি অতি মনোহর সুরে বিদেশীয় ভাষায় গান শুনিলাম ‘টারারারা ডম্ বি আই’—‘টারারারা ডম্ বি আই’।

 “এর মানে কিছু জানি না, তবে ক্যাবিনের জানালা দিয়া মুখ বাড়াইয়া দেখিলাম,— কতকগুলি কালো কালো নগ্নমূর্ত্তি ছেলে ছোট ছোট ভেলায় চড়িয়া ঐ গানটি গাইতে গাইতে এবং বগল বাজাইতে বাজাইতে আমাদের দিকে আসিতেছে। আশ্চর্য্য হইয়া দেখিতে দেখিতে শুনিলাম বলিতেছে—‘All right Mamma―2-anna bit, 4-anna bit Mamma―throw water little boy swim take’—অর্থাৎ, দু-আনি সিকি আপনারা মা জলে ফেলিয়া দিন, আমরা ছোট ছেলেরা সাঁতার দিয়ে তাহা তুলিয়া লইব। অনেকে ফেলে দিতে লাগলেন আর তাহারা ডুব দিয়ে মাছের মত সাঁতার দিতে দিতে তুলে নিতে লাগিল; একটিও হারাল না! অনেকে জাহাজের মাস্তুলের উপর উঠে প্রায় একশত ফুট