বিষয়বস্তুতে চলুন

পাতা:বিলাত ভ্রমণ (প্রথম ভাগ) - ইন্দুমাধব মল্লিক (১৯১০).pdf/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬২
বিলাত ভ্রমণ

সৈন্যাধ্যক্ষ লিউনিডস্ কেবলমাত্র ২০০ জন সৈন্য লইয়া এক পর্ব্বতের পাশে ৫০০০০ সৈন্যের পথ আগলাইলেন। এমন যুদ্ধ কেহ কখন দেখে নাই। সেই ২০০ সৈন্যে ৫০০০০ সৈন্যের প্রতিদ্বন্দ্বী হইয়া একটিও দেশে ফিরেন নাই!

 একতায় গ্রীসের এমন ক্ষমতা বৃদ্ধি। তারপরে অতি বৃদ্ধিতে প্রায়ই যাহা ঘটিয়া থাকে, তাই ঘটিতে লাগিল। দুই ক্ষমতাশালী দেশ এথেন্স ও স্পার্টাতে মহা রেষারেষী আরম্ভ হইল। এইরূপে পরস্পরে ঘরাও যুদ্ধ করিয়া গ্রীক জাতির কত শক্তি ক্ষয় হইতে লাগিল। আর সে একতা বন্ধন নাই। তারপরই আবার থীব্‌স্‌এর সঙ্গেও বিবাদ বাধিল; সেও অন্যতম একটি গ্রীসের রাজ্য। যখন ক্রমে ক্রমে এইরূপ ঘরাও বিবাদ বিসম্বাদ ঘটিয়া উঠিল, তখন আর বাহিরের শত্রুর কি ভয়? মেসিদন রাজ্য গ্রীসেরই উত্তরে —এখন এই রাজ্যই তুর্কির রাজ্য হইয়াছে। সেখানকার রাজা ফিলিপ আসিয়া অনায়াসে গ্রীস জয় করিয়া ফেলিলেন। ইহারই পুত্র জগৎ বিখ্যাত দিগ্বিজয়ী আলেকজান্দর। তিনি ভারতবর্ষেও জয়পতাকা আনিয়াছিলেন।

 গ্রীসের এইরূপ ঘরাও বিবাদ ও অধঃপতন হইবার কালে “ডিমস্‌থিনিস্” নামক এক এথিনিয়ন ওজস্বিনী বক্তৃতায় নিজ দেশের লোকদের চেতনা জাগাইবার চেষ্টা করিয়াছিলেন। তাহারা তখন কতই ভোগবিলাসী ও অকর্ম্মণ্য হইয়া পড়িয়াছিল। কাজেই তাঁর এত চেষ্টাতেও নিয়তিকে বারণ করা গেল না। এই বাগ্মিবরের জীবনীও অতিশয় বিস্ময়কর কথা। চেষ্টায় যে সকল বাধা ও বিপত্তি অতিক্রম করা যায়, তাহারই একটি ভাল উদাহরণ। তিনি বড় তোতলা ছিলেন—সেই দুরারোগ্য দোষটি অতিক্রম করিতে দৃঢ়প্রতিজ্ঞ হইয়া প্রত্যহ সমুদ্রতীরে গিয়া মুখে পাথর দিয়া পরিষ্কার কথা কহিবার অহরহঃ চেষ্টায় শেষে কৃতকার্য্য হইয়াছিলেন। তারপর ইঁহার বক্তৃতার এমন উত্তেজনা শক্তি ছিল