বিলাতি জাহাজে।
যাবার সময় সমুদ্র দিয়াই যাইব ঠিক করিয়া টিকিট কিনিয়াছিলাম। কিন্তু ভূমধ্যস্থ সাগরে সমুদ্রপীড়ায় কাতর হইয়া ফরাসীদেশে মার্সেলে নামিয়া রেল গাড়িতেই উঠিতে হইল। ভূমধ্যস্থ সাগর হইতেও “বে অফ্ বিস্কে” আরও তুফানময় স্থান। আটলাণ্টিক মহাসাগরের যত ঢেউ এই পথে ঢুকিয়া জাহাজকে বড়ই বিধ্বস্ত করে। এই কথা লোকমুখে শুনিয়া পুনরায় ফরাসীদেশের ভিতর দিয়াই রেল যোগে আসিয়া ফিরিবার কালে মার্সেলে জাহাজে চড়িলাম।
পথে যতগুলি বন্দর আছে—একটি হইতে অপরটিতে পৌঁছিতে প্রায় চার পাঁচ দিন বা ততোধিক সময় লাগে। এই সময়ে অনন্ত সমুদ্রের উপর ভাসিয়া কাহারও কিছু বড় করিবার থাকে না। কেবল যথাসময়ে খাওয়া দাওয়া, সময়ে সময়ে একটু লেখা পড়া করা; তাহা ছাড়া একত্র ডেকে বসিয়া খেলাধূলা ও গল্পগুজব করাই কাজ। জাহাজে একলাটি সময় যেন আর কাটে না কাজেই পরস্পরে আলাপ করিবার স্পৃহা এখানে বড়ই বলবতী হয়।
কেবল খাবার ও শোবার সময় ছাড়া সকলেই প্রায় অন্য সময় ডেকের উপর থাকেন। কেহ কেহ বা সময়ে সময়ে সেলুন অর্থাৎ বৈঠকখানার ভিতর বসিয়া লেখেন পড়েন তাস খেলেন বা গীতবাদ্য করেন। কিন্তু অধিকাংশ জনতাই ডেকের উপর। কেহ কেহ বা এখানে এক একটি হালকা বেতের বা ক্যামবিসের চেয়ারের উপর বসিয়া থাকেন কেহ কেহ বা বেড়াইতে বেড়াইতে নানা বিষয়ের কথাবার্ত্তা কহেন। প্রাতর্ভোজনের পর খেলিবার সময় নির্দ্দিষ্ট আছে। তখন ডেকের ষ্টুয়ার্ড অর্থাৎ ডেকের