বিষয়বস্তুতে চলুন

পাতা:বিষম ভ্রম (প্রথম অংশ) - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
দারোগার দপ্তর, ১১১ সংখ্যা।

 মুসল। না দেওয়ার কারণ?

 ই-ব্য। কিছুই নয়।

 এই বলিয়া সেই ইতর ব্যক্তি বহির্গত হইয়া যাইবার উপক্রম করিতে লাগিল। মুসলমানটি ছাড়িবার পাত্র নহেন। তাহাকে সজোরে ধরিয়া বলিয়া উঠিলেন “দাড়াও। আমার জিনিস চুরি করিয়া কোথায় যাইতেছ?”

 ই-ব্য। আমি উহা টেবিলের উপর পাইয়াছি।

 মুসল। তাহা হইলে কি হয়! উহা আমার, আমি টেবিলের উপর রাখিয়াছিলাম।

 ই-ব্য। এটি যাহার প্রতিমূর্ত্তি, তাহাকে কি তুমি জান?

 মুসল। তাহা না হইলে তাহার প্রতিমূর্ত্তি আমার নিকট থাকিবে কেন?

 মুসলমানটির কথা শুনিয়া সে সাতিশয় আশ্চর্য্যান্বিত হইয়া কহিল “ভাল, আমার ঘরে এস। আমি তোমার সহিত কথাবার্ত্তা কহিব।”

 মুসলমান সন্মত হইয়া, সেই অপরিচিত ব্যক্তির পশ্চাৎ পশ্চাৎ তাহার ঘরে গমন করিলেন। ঘরের মধ্যে প্রবেশ করিয়া দরজা বন্ধ করা হইল।

 সেই ইতর ব্যক্তি আপন পকেট হইতে প্রতিমূর্ত্তি খানি বাহির করিয়া কহিল “তুমি কি ইহা টেবিলের উপর রাখিয়াছিলে?”

 মুসল। হাঁ।

 ই-ব্য। এই স্ত্রীলোকটি এখনও কি জীবিতা আছে?

 মুসল। হাঁ।

 ই-ব্য। সে এখন কোথায়?