মুসল। আমি তোমাকে জানি।
ই-ব্য। আমাকে?
মুসল। হাঁ।
এই সময় সেই লোকটির হস্ত হইতে সেই ছুরিকাখানি মুসলমানটি সজোরে কাড়িয়া লইয়া কহিলেন, “ইস্মাইল! সাবধান!!”
মুসলমানটির কথা শুনিয়া তাহার মুখ একবারে বিধবা হইয়া গেল। জিজ্ঞাসা করিল “কি সর্ব্বনাশ! তুমি কে?”
মুসল। আমি যে হই, তাহাতে তোমার কোন লাভ নাই। এখন বল দেখি, অ্য বিয়ামের নিকট তোমার কি কার্য্য ছিল?
ই-ব্য। “বিয়াম” নামক কোন ব্যক্তিকে আমি চিনি না।
মুসল। আমার নিকট মিথ্যা বলিবার কিছুমাত্র প্রয়োজন নাই। বিয়াম যে অস্ত্র তোমাকে টাকা প্রদান করিয়াছে, তাহা আমি বিলক্ষণ রূপে অবগত আছি।
ই-ব্য। না মহাশয়, ধর্ম্মের দোহাই! টাকা কড়ি দেয় নাই।
মুসল। সে যাহা হউক, বালিকাটি এখন কোথায়, তাহা তুমি জান?
ই-ব্য। না মহাশয়—আমি শপথ করিয়া বলিতেছি, আমি জানি না।
মুসল। যে ব্যক্তি মনুষ্য চুরি করে, তাহার শপথ আমি গ্রাহ্য করি না।
ই-ব্য। সর্ব্বনাশ! আপনি তবে সমস্তই অবগত হইতে পারিয়াছেন!