বিয়াম বেগতিক দেখিয়া বসিয়া বলিল “দেখ ভাই! কেন অনর্থক আমার সহিত বিবাদ করিতেছ? যাহা হইবার হইয়াছে, এখন এস, একটু কাপি পান করা যাউক।”
এই বলিয়া কাপি ওয়ালাকে ২ পেয়ালা কাপি আনিতে আদেশ করিল। বলা বাহুল্য, অতি অল্প সময়ের মধ্যেই আদেশ প্রতি পালিত হইল। একটী বালক আসিয়া টেবিলের উপর দুই পেয়ালা কাপি স্থাপনপূর্ব্বক প্রস্থান করিল। এই সময় বিয়াম নিকটস্থ দেওয়ালের উপর ইস্মাইলের দৃষ্টি আকর্ষণ করিয়া কহিল “দেখ কেমন সুন্দর ছবিখানি।” ইহা শুনিয়া ইস্মাইল যেমন সেই দিকে ফিরিয়া দেখিতে লাগিল, অমনি বিয়াম একটী ছোট শিশির মধ্য হইতে ৪।৫ ফোঁটা জলীয় পদার্থ ইসমাইলের কাপিতে ঢালিয়া দিল। কিয়ৎক্ষণ পরে ইসমাইল কাপি-পেয়ালাটী হস্তে লইয়া পান করিতে যাইতেছে, এখন সময় সহসা একটী ভয়ঙ্কর শব্দ হওয়াতে, ইসমাইলের হস্তস্থিত কাপির পেয়ালাটী ভূমে পতিত হইল। এদিকে বিয়াম সেস্থান হইতে দৌড়িয়া প্রস্থান করিল। পরক্ষণেই আমি ঘরের মধ্যে প্রবেশ করিলাম। আমাকে দেখিবামাত্র ইসমাইল বলিয়া উঠিল “পিস্তল কি আপনি ছুড়িয়াছেন?”
আমি। হাঁ।
ইস। কেন?
আমি তোমার জীবন রক্ষা করিবার নিমিত্ত।
ইস। সে কি?
আমি। কাপিতে বিষ মিশ্রিত করা হইয়াছিল।
ইস। কাহার দ্বারা।