অপ্রতুল কিসের? কিঞ্চিৎ কটাক্ষ কল্যে আমার মত সহস্র লোক কত দায় হতে উদ্ধার হয়।
ভক্ত। আমি যে এ সময়ে ভাই তোমার কিছু উপকার করে উঠি, এমন তো আমার কোন মতেই বোধ হয় না। তা তুমি ভাই অন্যত্তরে চেষ্টা কর। দেখি, এর পরে যদি কিছু কত্যে পারি।
বাচ। বাবুজী, আপনি হচ্যেন ভূস্বামী, রাজা; আপনার সম্মুখে তো আর অধিক কিছু বলা যায় না, তা আপনার যা বিবেচনা হয় তাই করুন্। (দীর্ঘনিশ্বাস) এক্ষণে আমি তবে বিদায় হল্যেম।
ভক্ত। প্রণাম।
[ বাচস্পতির প্রস্থান। ]
আঃ এই বেটারাই আমাকে দেখছি ডুবুলে। কেবল দাও! দাও! দাও! বই আর কথা নাই। ওরে গদা—
গদা। আজ্ঞেএএ
ভক্ত। ছুঁড়ি দেখতে খুব ভাল তো রে।
গদা। কত্তামশায়, আপনার সেই ইচ্ছেকে মনে পড়ে তো।
ভক্ত। কোন্ ইচ্ছে?
গদা। আজ্ঞে, ঐ যে ভটা্চাজ্যিদের মেয়ে আপ্নি যাকে——(অর্দ্ধোক্তি)―তার পরে যে বেরিয়ে গিয়ে কসবায় ছিল।
ভক্ত। হাঁ! হাঁ! ছুঁড়িটে দেখ্তে ছিল ভাল বটে (দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিয়া) রাধেকৃষ্ণ! প্রভো তুমিই সত্য। তা সে ইচ্ছের এখন কি হয়েছে রে?
গদা। আজ্ঞে সে এখন বাজারে হয়ে পড়েছে। হান্ফের মাগ ভরি চাইতেও দেখ্তে ভাল।
ভক্ত। বলিস্ কি! অ্যাঁ? আজ রাত্রে ঠিক ঠাক্ কত্যে পার্বি তো?