বিষয়বস্তুতে চলুন

পাতা:বুড়সালিকের ঘাড়ে রোঁ - মাইকেল মধুসূদন দত্ত (১৮৮৩).pdf/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বুড় সালিকের ঘাড়ে রোঁ।
৭

 গদা। আজ্ঞে, আজ না হয় কাল পরসুর মধ্যে করে দেব।

 ভক্ত। দেখ্, টাকার ভয় করিস্ না। যত খরচ লাগে আমি দেব।

 গদা। যে আজ্ঞে। (স্বগত) কত্তাটি এমনি খেপে উঠলিই তো আমরা বাঁচি,—গো-মড়কেই মুচির পার্ব্বণ।

 ভক্ত। (নেপথ্যাভিমুখে অবলোকন করিয়া) ও—কে ও রে?

 গদা। আজ্ঞে, ও ভগী আর তার মেয়ে পাঁচি। জল আন্‌তে আস্চে।

 ভক্ত। কোন ভগী রে?

 গদা। আজ্ঞে পীতেম্বরে তেলীর মাগ।

 ভক্ত। ঐ কি পীতম্বরের মেয়ে পঞ্চী? এ যে গোবরে পদ্মফুল ফুটেছে!

 গদা। আজ্ঞে, ও আজ দুদিন হলো শ্বশুরবাড়ী থেকে এসেছে।

 ভক্ত। (স্বগত) “মেদিনী হইল মাটী নিতম্ব দেখিয়া। অদ্যাপি কাঁপিয়া উঠে থাকিয়া থাকিয়া”॥ আহা! কুচ হৈতে কত উচ্চ মেরুচূড়া ধরে। শীহরে কদম্বফুল দাড়িম্ব বিদরে॥”

 গদা। (স্বগত) আবার ভাব্ লাগ্‌লো দেখচি। বুড়ো হলে লোভাত্তি হয়; কোন ভাল মন্দ জিনিস্ সাম্‌নে দিয়ে গেলে অরি রক্ষে থাকে না।

 ভক্ত। ওরে গদা—

 গদা। আজ্ঞেএএ।

 ভক্ত। এ দিকে কিছু কত‍্যে টত‍্যে পারিস্?

 গদা। আজ্ঞে, ও বড় সহজ কথা নয়। ওর বড়মানুষের ঘরে বিয়ে হয়েছে শুনেছি।

(কলসী লইয়া ভগী এবং পঞ্চীর প্রবেশ।)

 ভক্ত। ওগো বড়বউ, ও মেয়েটি কে গা?