জোলা, তেলি, কলু, সকলই না কি একত্রে উঠে বসে, আর খাওয়া দাওয়াও করে? বাপু, এ সকল কি সত্য?
আন। আজ্ঞে, বড় যে মিথ্যা তাও নয়।,
ভক্ত। কি সর্ব্বনাশ! হিন্দুয়ানির মর্য্যাদা দেখ্চি আর কোন প্রকারেই রৈলো না! আর রৈবেই বা কেমন করে? কলির প্রতাপ দিন্ দিন্ বাড়ছে বই তো নয়। (দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিয়া) রাধেকৃষ্ণ!
(গদাধরের প্রবেশ)
গদা। আজ্ঞে, আমি গদা। (এক পার্শ্বে দণ্ডায়মান)
ভক্ত। (ইসারা)।
গদা। (ঐ)।
ভক্ত। (স্বগত) ইঃ আজ্ কি সন্ধ্যা হবে না না কি। (প্রকাশে) ভাল, আনন্দ! শুনেছি—কল্কেতায় না কি বড় বড় হিন্দু সকলে মুসলমান বাবুর্চী রাখে?
গদা। আজ্ঞে, কেউ কেউ শুনেছি রাখে বটে।
ভক্ত। থু! থু! বল কি? হিন্দু হয়ে নেড়ের ভাত্ খায়? রাম! রাম! থু! থু!
গদা। (স্বগত) নেড়েদের ভাত্ খেলে জাত যায়, কিন্তু তাদের মেয়েদেয় নিলে কিছু হয় না। বাঃ! বাঃ। কত্তাবাবুর কি বুদ্ধি!
ভক্ত। অম্বিকাকে দেখুচি আর বিস্তর দিন কল্কেতায় রাখা হবে না।
আন। আজ্ঞে, এখন অম্বিকাকে কালেজ থেকে ছাড়ান কোন মতেই উচিত হয় না।
ভক্ত। বল কি, বাপু? এর পরে কি ইংরাজী শিখে আপনার