বিষয়বস্তুতে চলুন

পাতা:বুড়সালিকের ঘাড়ে রোঁ - মাইকেল মধুসূদন দত্ত (১৮৮৩).pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০
বুড় সালিকের ঘাড়ে রোঁ।

ব্রহ্মত্রজমী ফিরে দেবো, আর দেখ, তোমার মাতৃশ্রাদ্ধে আমি যৎসামান্য কিঞ্চিৎ দিয়েছিলেম্, তা আমি তোমাকে নগদ আরও পঞ্চাশটী টাকা দেবো, কিন্তু এই কর্ম্মটি কর‍্যো যেন আজকের কথাটা কোনরূপে প্রকাশ না হয়।

 ভক্ত। (হাস্যমুখে) কত্তাবাবু, কর্ম্মটা বড় গর্হিত হয়েছে অবশ্যই বল্তে হবে; কিন্তু যখন ব্রাহ্মণে কিঞ্চিৎ দান কত‍্যে স্বীকার হলেন্ তখন্ তার তো এক প্রকার প্রায়শ্চিত্তই করা হলো, তা আমার সে কথার প্রসঙ্গেই বা প্রয়োজন কি?— তার জন্যে নিশ্চিন্ত থাকুন্।

(স্বাভাবিক বেশে হানিফ্ গাজির প্রবেশ)।

 হানি। কত্তাবাবু, সালাম করি।

 ভক্ত। (অতি ব্যাকুল ভাবে) এ কি! অ্যাঁ এ আবার কি সর্ব্বনাশ উপস্থিত?

 হানি। (হাস্যমুখে) কত্তাবাবু, আমি ঘরে আস্যে ফতিরি তল্লাস্ কল্লাম, তা সকলে বলে যে সে এই ভাঙ্গা মন্দিরির দিকি পুঁটির সাতে আয়েছে, তাই তারে ঢুঁড়তি ঢুঁড়তি আস্যে পড়িছি। আপ্‌নার যে মোচলমান হতি সাধ্ গেছে, তা জান্‌তি পাল্লি ভাবনা কি ছিল? ফতি তো ফতি, ওর চায়েও সোণার চাঁদ আপ্‌নারে অন্যে দিতি পাত্তাম, তা এর জন্যি আপনি এত তজ্দি নেলেন কেন? তোবা! তোবা!

 ভক্ত। (চিন্তা করিয়া নম্রভাবে) বাবা হানিফ্, আমি সব বুঝেছি, তা আমি যেমন তোর উপর অহেতু অত্যাচার করেছিলেম্, তেম্‌নি তার বিধিমত শাস্তিও পেয়েছি, আর কেন? এখন ক্ষান্ত দাও। আমি বরঞ্চ তোমাকে কিছু দিতেও রাজি আছি, কিন্তু বাপু একথা যেন আর প্রকাশ না হয়, এই ভিক্ষাটি আমি চাই! হে বাবা, তোর হাতে ধরি!