ভাষাকেই হরপ্রসাদ শাস্ত্রী বাংলা বলিয়া অনুমান করিয়াছিলেন। সাধারণভাবে সে অনুমান ভুল নয়। তবে সূক্ষ্মবিচারে ‘দোহাকোষ’ এবং ‘ডাকার্ণব’-এর ভাষাকে অবহট্ট বলা উচিত। সর্বপ্রথম সুনীতিকুমার চট্টোপাধ্যায় এই সূক্ষ্মবিচার করেন।
‘চর্যাচর্যবিনিশ্চয়’ আসলে চর্যাগানের টীকার পুথি। টীকার সঙ্গে মূল গানগুলি উদ্ধৃত হওয়ায় পুথিখানি সংকলনের আকার ধারণ করিয়াছে। টীকা সংস্কৃতে লেখা। পুথিমধ্যে কিছু খণ্ডিত এবং শেষে দুই-একটি পাতা নাই। তাই টীকাকারের নাম ইহাতে পাওয়া যায় না। টীকাকার মুনিদত্ত। টীকাটির নাম ‘চর্যাচর্যবিনিশ্চয়’ পুথিতে অনুল্লিখিত হইলেও চর্যাগানগুলি এবং সংস্কৃত টীকা তিব্বতী ভাষায় অনূদিত হইয়াছিল। টীকাকারের নাম এই তিব্বতী অনুবাদের সহায়তায় জানা গেল এবং সেই সঙ্গে খণ্ডিত পুথিতে লুপ্ত গানগুলির বিষয়ও জানা গেল। তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচী।
‘চর্যাচর্যবিনিশ্চয়’ খণ্ডিত পুথি। পুথির প্রাপ্ত অংশে ৪৬টি সম্পূর্ণ গান এবং একটি গানের ভগ্নাংশ পাওয়া গিয়াছে। এই ৪৬টি গান ২৪ জন কবির রচনা। গানগুলির দৈর্ঘ্য ১০ হইতে ১২ লাইনের মধ্যে; দুই-একটি দীর্ঘতর গানও আছে। গানে ‘ভণিতা’ আছে। ‘ভণিতা’-য় রচয়িতার নাম পাওয়া যায়। তদুপরি প্রত্যেক গানের শুরুতে রাগ-রাগিণীরও উল্লেখ আছে।
গানগুলি যে ভাষায় লেখা সে ভাষা অধুনা প্রচলিত বাংলা ভাষার দুই পুরুষ পূর্বতন রূপ। গানে ব্যবহৃত অনেক শব্দ বর্তমান কালেও প্রচলিত আছে, যেমন— ‘জান’, নিল’, ‘গেল’, ‘রাতি’, ‘দুই’, ‘ঘরে’, ‘করি', 'বিনু’, ‘মাঝে’, ‘চড়িলে’, ‘ছাড়ি’।
গানগুলি ‘সন্ধাভাষা’-য় রচিত বলা হয়। ‘সন্ধাভাষা’ কোনও ভাষার নাম নয়। বৌদ্ধ সহজিয়া সাধকদের সংস্কৃত-অবহট্ট-বাংলা রচনায় অবলম্বিত বিশিষ্ট রীতির নাম ‘সন্ধা’। এই রীতিতে শব্দের বাচ্যার্থের এক অর্থ, গুহ্যার্থের আর এক অর্থ। শব্দের গুহ্যার্থের সাহায্যে সাধকেরা সাধন-পদ্ধতির নিগূঢ় কথা ব্যক্ত করিয়াছেন।
কোনও কোনও গানের রচনারীতি প্রহেলিকাত্মক, যেমন—রুখের তেন্তলি কুম্ভীরে খাই। / (গাছের তেঁতুল কুমিরে খায়)। / ‘বলদ বিআঅল গবিয়া বাঝে।/ (বলদ প্রসব করিল গাভী বন্ধ্যা)।
কোনও কোনও গানে তত্ত্বকথা স্পষ্টভাবে ব্যক্ত করা হইয়াছে, যেমন—জইসো জাম মরণবি তইসো। / জীবন্তচর্যাগানগুলিতে ব্যবহৃত রূপক প্রতিভাসের ভিতর দিয়া তদানীন্তন বাঙালী জীবনের একটি নিখুঁত ছবিও ফুটিয়া উঠিয়াছে।
গানগুলির রচনাকাল অনিশ্চিত, সম্ভবতঃ খ্রীষ্টীয় একাদশ-ত্রয়োদশ শতকে লেখা।
দ্র হরপ্রসাদ শাস্ত্রী-সম্পাদিত, হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা, সাহিত্য-পরিষদ-গ্রন্থাবলী ৫৫, কলিকাতা, ১৩২৩ বঙ্গাব্দ; সুকুমার সেন, চর্যাগীতিপদাবলী, বর্ধমান, ১৯৫৬; Suniti Kumar Chatterji, Origin and Development of the Bengali Language, Calcutta, 1926; P. C. Bagchi & Santi Bhiksu - Sastri, ed., Caryagitikosa, Visva-Bharati, 1956; Sashibhusan Dasgupta, Obscure Religious Cults, Calcutta, 1963; Tarapada Mukherji, The Old Bengali Language and Text, Calcutta, 1963.