অবেস্তা, গ্রীক, লাতিন, জার্মান, ইন্দো-ইওরোপীয় গোষ্ঠীর বিভিন্ন ভাষার তুলনার দ্বারা অভিনব পদ্ধতিতে বৈদিক মন্ত্ররাজির আধুনিক ব্যাখ্যান হইতেছে। বৈদিক সাহিত্যের বহু অজ্ঞাত গ্রন্থও আবিষ্কৃত হইয়াছে এবং এখনও হইতেছে। ফলে বহু অজ্ঞাত বৈদিক শব্দের অর্থনির্ণয়ের পথ সুগম হইতেছে। ঋক্-মন্ত্রগুলির ব্যাকরণগত বৈশিষ্ট্যও উল্লেখযোগ্য। সন্ধি, শব্দরূপ, ধাতুরূপ, প্রত্যয় প্রভৃতির বৈচিত্র্য বৈদিক সংস্কৃতকে যথেষ্ট ঐশ্বর্যমণ্ডিত করিয়াছে। পরবর্তী লৌকিক সংস্কৃত ভাষা এইদিক দিয়া অনেকাংশে সরল। বৈদিক সংস্কৃতে সমাসের স্বল্পতা লক্ষণীয়। বাক্যগঠনরীতির দিক দিয়াও এই দুইটি ভাষার মধ্যে যথেষ্ট পার্থক্য বর্তমান। বৈদিক ভাষার আর একটি প্রধান বৈশিষ্ট্য ইহার ‘স্বর’ (অ্যাক্সেণ্ট)। উদাত্ত, অনুদাত্ত, স্বরিত―এই ত্রিবিধ স্বরের সাহায্যে প্রতিটি মন্ত্র পাঠ করা হইত। এমন কি এক একটি পদের বাহ্যরূপের অভিন্নতা সত্ত্বেও স্বরভেদবশতঃ অর্থভেদ সংঘটিত হইত। বৈদিক মন্ত্রগুলি এইভাবে স্বর-চিহ্নিত হওয়ায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনায় বহু অন্ধকারাচ্ছন্ন স্থল আলোকিত হইতে পারিয়াছে।
বৈদিক সংস্কৃতের সহিত প্রাচীন ইরানীয়গণের ধর্মগ্রন্থ অবেস্তার ভাষার ঘনিষ্ঠ সাম্য লক্ষণীয়। অনেক ক্ষেত্রে অবেস্তার মন্ত্রগুলিকে কয়েকটি ধ্বনিপরিবর্তনের সাহায্যে ঋক্-মন্ত্রে রূপান্তরিত করাও সম্ভব।
ঋক্-মন্ত্রগুলি মূলতঃ গায়ত্রী (২৪ অক্ষর), উষ্ণিহ্, (২৮), অনুষ্টুভ্ (৩২), বৃহতী (৩৬), পঙ্ক্তি (৪০), ত্রিষ্টুভ্ (৪৪), জগতী (৪৮)— এই সাতটি প্রধান ছন্দে গঠিত।
‘ঋক্’ শব্দের দ্বারা বুঝায় পাদনিবদ্ধ মন্ত্র। ঋষিদৃষ্ট এই সকল মন্ত্র প্রধানতঃ দেবস্তুতির উদ্দেশ্যেই উচ্চারিত। হিরণ্য, পশু, পুত্র প্রভৃতি ঐহিক এবং স্বর্গাদি পারলৌকিক অর্থাদি লাভের ইচ্ছায় ঋষিগণ এই সকল ঋক্-মন্ত্রের সাহায্যে দেবতাগণের স্তুতি করিয়াছেন। আচার্য যাস্ক ঋক্গুলিকে তিনটি শ্রেণীতে বিভক্ত করিয়াছেন: পরোক্ষকৃত, প্রত্যক্ষকৃত এবং আধ্যাত্মিক। দেবতাকে যেখানে পরোক্ষভাবে স্তব করা হয় এবং ক্রিয়াপদ প্রথম পুরুষে প্রযুক্ত হয়— তাহা ‘পরোক্ষকৃত’ ঋক্; দেবতা যেখানে ঋষির প্রত্যক্ষভূত এবং ক্রিয়াপদের মধ্যম পুরুষ প্রয়োগের দ্বারা তাঁহাকে সম্বোধন করা হয় সেখানে ঋক্টি ‘প্রত্যক্ষকৃত’; এবং যখন ঋষি স্বয়ং দেবতার সহিত তাদাত্ম্যপ্রাপ্ত হইয়া উত্তম পুরুষে ক্রিয়াপদের সাহায্যে আত্মস্তুতিতে প্রবৃত্ত হন তখন ঋক্টি ‘আধ্যাত্মিক’ রূপে বিবেচিত হইয়া থাকে। যাস্কের মতে ঋক্সংহিতায় পরোক্ষকৃত এবং প্রত্যক্ষকৃত মন্ত্রেরই বাহুল্য; আধ্যাত্মিক মন্ত্রের সংখ্যা খুবই৩