বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতকোষ - পঞ্চম খণ্ড.pdf/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাউল সম্প্রদায়
বাংলাভাষা

 অন্যান্য তান্ত্রিক সহজিয়া সাধকগোষ্ঠীর ন্যায় বাউলেরাও ‘ভাণ্ডে ব্রহ্মাণ্ড’ তত্ত্বে বিশ্বাস করে। মানুষের দেহভাণ্ডেই বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষুদ্র প্রতীক। মনের মানুষ এই দেহের খাঁচায়ই বাস করেন। বাহিরে তাঁহার সন্ধান না করিয়া দেহের অভ্যন্তরেই খুঁজিতে হইবে। বাউলেরা তাই দেহকেন্দ্রিক কায়া সাধনাকে দেহ-অভ্যন্তরস্থ সত্য স্বরূপকে পাইবার একমাত্র পথা বলিয়া মনে করে। মানবদেহ তাহাদের নিকট মন্দির-মসজিদ অপেক্ষা উচ্চতর উপাসনাগ্রহ বলিয়া বিবেচিত হয়।

 বাউল সাধনা মিথুনাত্মক। ইহা নরনারীর চঞ্চল ক্ষণস্থায়ী কামক্রীড়া মাত্র নয়। বাউলদের মিলন প্রেমলীলা, উহা ‘অটল, অচঞ্চল, স্থির’। উহার ফলশ্রুতি মিথুনানন্দ। কিন্তু কামক্রীড়াকে ত্যাগ করিয়া ঐ প্রেমলীলায় পৌঁছানো যায় না। কারণ কাম ও প্রেম মিশ্রিত অবস্থায় থাকে।

 ইতিহাস: গত হাজার বৎসরের বাংলাদেশের কর্মসাধনার যে পরিচয় নানা সূত্রে জানা গিয়াছে তাহাদের সহিত তুলনামূলক আলোচনা করিলে বাউলদের উদ্ভব ও বিকাশের একটি সম্ভাব্য সূত্রে অননুমান করা যায়। খ্রীষ্টীয় দশম শতাব্দী নাগাদ বাংলাদেশে তান্ত্রিক বৌদ্ধধর্মের ব্যাপক প্রসার ঘটিয়াছিল। ইহার অন্যতম শাখা সহজযান। সহজযানের একটি শাখা মিথুনাত্মক যোগসাধনা। চর্যাকরেরা এই সাধন পদ্ধতির অনুসারী ছিলেন। বৈষ্ণব সহজিয়াদের উদ্ভবের পিছনে ইহাদের প্রভাব অনুমিত হয়। (‘সহজিয়া’ দ্র)।

 দ্বাদশ শতাব্দী হইতে বৈষ্ণব সহজিয়াদের সঙ্গে সূফীদের যোগাযোগ হইতে থাকে। মিথুনাত্মক সাধন ধারাটির সহিত হৃদয়াবেগমূলক ব্যাকুলতার সংযোগ ঘটে সূফীদের আদর্শে। চৈতন্যপ্রভাবে বাংলাদেশ জুড়িয়া প্রেমধর্মের যে জোয়ার আসে, তাহা সহজিয়া এবং ফকির সাধকদের অনুপ্রাণিত করিয়াছিল। ইহাদের সাধনপদ্ধতির সহিত প্রেমতত্ত্ব, পরকীয়াবাদ, ‘কৃষ্ণসাক্ষাৎ শৃঙ্গার’ প্রভৃতি বৈষ্ণব ধারণার সাদৃশ্য ছিল। অনেক গবেষকের ধারণা, ইহারাই সপ্তদশ শতাব্দীতে বাউল নামক একটি স্বতন্ত্র সম্প্রদায়রূপে পরিচিতি লাভ করে।

 বাউলগান: বাউল সাধনার সঙ্গে গানের সম্পর্ক ঘনিষ্ঠ। বাউলদের অনেক গান সংকলিত হইয়াছে। এই সূত্রে এই সাধক সম্প্রদায়ের সঙ্গে বাংলাসাহিত্যের একটি সম্পর্ক সৃষ্টি হইয়াছে। প্রাপ্ত বাউল গানগুলির রচয়িতাদের মধ্যে প্রথমেই লালন শাহ ফকিরের নাম করিতে হয়। সম্ভবতঃ ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যে তাঁহার গানগুলি রচিত। পূর্ববর্তী কোনও বাউলগানের নিদর্শন সংকলিত হয় নাই। অন্যান্য বাউল কবিদের মধ্যে পদ্মলোচন গোঁসাই, যাদুবিন্দ, ফকির পাঞ্ছশাহ, হাউড়ে গোঁসাই, গোঁসাই গোপাল, এরফান্‌-শাহ্‌, পাগলা কানাই প্রভৃতির নাম উল্লেখযোগ্য। অনেকেই ঊনবিংশ শতাব্দীতে
গানগুলি লিখিয়াছেন, কিন্তু বাংলাসাহিত্যের অষ্টাদশ শতকের প্রাচীনতর কাব্য-ঐতিহ্যের সঙ্গেই বাউল গানের সম্বন্ধ। ‘সাধন সংগীত’ নামে এই অনাধুনিক কাব্যসংগীতের ধারাটিকে চিহ্নিত করা চলে। রচয়িতারা আপনাদের সাধনভজনের নানা গঢ়তত্ত্ব বিবিধ রূপকের সাহায্যে ইহাদের মধ্য দিয়া প্রকাশ করেন। কখনও কখনও বাউলগানে ব্যক্তিগত ভক্তি-প্রেমের ভাবব্যাকুলতা বিশেষ আন্তরিকতার সঙ্গে প্রকাশিত হইয়া উহাদের সাহিত্য-মূল্য বাড়াইয়াছে।

 রবীন্দ্রনাথের সঙ্গে বাউল গানের একটি উল্লেখ্য সম্বধ আছে। আধুনিককালে তিনিই প্রথম বাউল গান সংগ্রহ করেন। বাউল ধর্মোপলব্ধি (গুহ্য-সাধনার দিকটি নহে, আধ্যাত্মিক অনুভূতির দিক) রবীন্দ্র-জীবন-দর্শনের উপরে গুরুতর প্রভাব বিস্তার করিয়াছিল বলিয়া অনেক গবেষক মনে করেন।

দ্র ক্ষিতিমোহন সেন, বাউল পরিচয়, বিশ্বভারতী পত্রিকা, ১৩৬২, ১৩৬৩ বঙ্গাব্দ; উপেন্দ্রনাথ ভট্টাচার্য, বাংলার বাউল ও বাউল গান, কলিকাতা, ১৩৬৪ বঙ্গাব্দ; ময্‌হারুল ইসলাম, কবি পাগলা কানাই, রাজশাহী, ১৩৬৬ বঙ্গাব্দ; আশুতোষ ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ও বাউল সাধনা, রবীন্দ্রভারতী পত্রিকা, ১৩৭৭ বঙ্গাব্দ; Sashibhusan Dasgupta, Obscure Religious Cults as hackground of Bengali Literature, Calcutta, 1948.

ক্ষেত্র গুপ্ত
বাংলাভাষা ভাষা লইয়া জাতি। জাতি লইয়া দেশ। বাংলাভাষা লইয়া বাঙালী জাতি ও বাংলাদেশ। সমগ্র বাংলাদেশ (পশ্চিমবঙ্গ ও নবগঠিত বাংলাদেশ [পূর্বতন পূর্ব পাকিস্তান]) জুড়িয়া বাংলা ভাষা বিস্তৃত। পশ্চিমবঙ্গে দীর্ঘ ৩৩,৯২৭ বর্গমাইল এলাকার লোক বাংলা ভাষায় কথা বলে, এই ভাষায় সাহিত্য চর্চা করে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়া বাংলা প্রায় ১১ কোটি লোকের মাতৃভাষা। পশ্চিমবঙ্গে প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ লোকের মাতৃভাষা বাংলা। ভারতের প্রায় সর্বত্র বাংলা ভাষা কম বেশি প্রচলিত। Culture language বা মানসিক উৎকর্ষের ও উচ্চ চিন্তার ভাষা হিসাবে বাংলা ভাষা ভারতের বাহিরেও সমাদৃত। ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানী ও রুষ-দেশে রীতিমত বাংলা ভাষার চর্চা চলিয়াছে। এই সব দেশের বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের পঠন-পাঠন-গবেষণা চলে। এদেশের আধুনিক ভাষার মধ্যে বাংলারই আদর বেশি। বিহারী, গজরাতী, মরাঠী, হিন্দুস্থানী, রাজস্থানী, তেলুগু, তামিল, কানাড়ী ভাষাভাষী বহু শিক্ষিত ভদ্রলোক বাংলা ভাষা শেখেন ও চর্চা করেন। বাংলাদেশে বাংলা রাষ্ট্রভাষা রূপে স্বীকৃত।
৪৮