বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারত কোন্‌ পথে? – বারীন্দ্রকুমার ঘোষ (১৯৩৬).pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ব্রিটেন ভারতের কি করেছে?

ভারতকে পূর্ণ মুক্তির পথে নিয়ে যাবার জন্যে চাই জাগ্রত হিন্দু ও মুসলমানের কঠোর হস্ত। চীনের ভাগ্যের পুণরভিনয় আমরা এখানে চাই না, দলে দলে সম্প্রদায়ে সম্প্রদায়ে নেতায় নেতায় স্বার্থ নিয়ে হানাহানি আমাদের নিবারণ করতেই হবে।

 ভারতের এই বহু ধর্ম্ম ও জাতির মহাসমন্বয়ে গঠিত যুক্ত-ভারতের ফেডারাল্ মহারাষ্ট্রের জন্য আমাদের সবাইকে দরকার হবে, কোন উপকরণটি বাদ দিলে চলবে না। অতীতে মৃত ভারতকে কষাঘাতে জাগাতে ব্রিটেনকে যতখানি আবশ্যক হয়েছিল, তার কৃষিশিল্পের স্বাস্থ্যসম্পদের গঠনে এই কর্ম্মকুশল জাতিকে তার চেয়ে ঢের বেশি দরকার হবে। ধর্ম্মান্ধ ও সনাতনী হিন্দু বা গোঁড়া মুসলীম সে সংগঠনের উপকরণ নয়, বরঞ্চ বাধা। এ দেশের আগামী দশ বিশ বছরের জীবনে আমরা চাই নিপুণ গঠনের সেনা, ভাঙার দানা দৈত্য নয়; ভাঙতে হবে যা’ তা’ হচ্ছে জীর্ণ পুরাতনের মোহ। নূতনকে গড়লেই সে পুরাতন ভেঙে পড়বে, গঠনই হবে সত্যকার ভাঙনের মন্ত্র। আমাদের অন্তরে আছে শত্রু; অন্তরে আছে দৈন্য, বাহিরে নয়। যে জাতি সমাজে ধর্ম্মে মুক্তি চায় না, পরস্পরের দিকে সমবেদনায় ও দরদে যারা অসাড় ও পঙ্গু তারা রাষ্ট্রীয় মুক্তির কথা বলে কি করে? মুক্তি যার শিরোমুকুট, সে কি বন্ধনের পূজারী হতে পারে?


৩৭