কম্যুনিজম্ কোথায় ভুল করেছে
কম্যুনিজম্ কোথায় ভুল করেছে?
পাশ্চাত্যের জীবন গঠনের আধুনিকতম মন্ত্র—কম্যুনিজমে মানবতার দিকটাকে—তার human factorকে হিসাব থেকে একেবারে বাদ দেওয়া হয়েছে। মানুষের অন্তর-চেতনা একটা যাদু পেটিকা—ভানুমতীর ভেল্কীর ঝাঁপী বিশেষ; তার মধ্যে থেকে অর্তকিতে কেবলি বের হরে আসছে কখন বুদ্ধ চৈতন্য যীশু, কখন চেঙ্গিজ খাঁ, নীরো, মুসোলিনী, হিটলার। আমাদের প্রাণ সত্তা যত দিন এই রকমটি আছে তত দিন চলবে এই আলো ও আঁধারের খেলা, তার পশু ও দৈত্য স্তর থেকে উঠবে কৃষ্ণ রাজসিক রূপ সব, আর তার মানব ও দেব স্তর থেকে উঠবে উজ্জ্বল শুভ্র তেজোময় পুরুষরা; এবং তারা এলেই, তারা কৃষ্ণই হোক আর শুভ্রই হোক, বিরাট সেই শক্তির বরপুত্রদের কাছে সাধারণ থাকের লাখ লাখ মানুষের মাথা শ্রদ্ধায় পূজায় বা ভয় ভক্তিতে আপনি নুয়ে পড়বে, বুদ্ধ যীশুর সমাধিক্ষেত্রের সঙ্গে লেনিন শিবাজীর সমাধি মন্দিরেও জমে যাবে পূজারীর ও তীর্থযাত্রীর ভিড়। আমাদের শরীরের যেমন ক্ষুধা তৃষ্ণা আছে, তেমনি আমাদের হৃদয় ও প্রাণে আছে প্রবল ক্ষুধা; সে আপনাকে প্রেমে শ্রদ্ধায় উজাড় করে কারু না কারু পায়ে ঢেলে দিতে চায়, তাতেই আমাদের স্বত্তার হৃদ্পদ্ম ও প্রাণ-কমল শত সহস্র দলে ফুটে ওঠে, সার্থক ও চরিতার্থ হয়। আমাদের মানস-সত্তার—বুদ্ধি পুরুষেরও আছে জ্ঞানের ক্ষুধা; এই জড়ের মায়া ভেদ করে স্তরে স্তরে জ্ঞান আহরণ করবার তৃষ্ণা তার অদম্য; সুতরাং জ্ঞান বিজ্ঞান ধর্ম্ম দর্শন বার বার মরেও আবার গজাবে। মানুষের সত্তা হচ্ছে জগতের miniature ছবি, ক্ষুদ্রাকারে ব্রহ্মাণ্ডের পূরা প্রতীক;
৬৭