বিষয়বস্তুতে চলুন

পাতা:ভোঁদড় বাহাদুর - গগনেন্দ্রনাথ ঠাকুর (১৯৫৬).pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পাওয়া যাবে, কিন্তু তালপাতার সেপাইদের গায়ে ছুঁইয়ে দিলে ওরা যে এখান থেকে নড়বে, এ-কথা আমার বিশ্বাস হয় না।”

 সাহেবের কথায় বুদ্ধিমন্ত ভয়ানক বিরক্ত হয়ে বলতে লাগল, “তুমি এই বিংশ শতাব্দীর শুকপক্ষী হয়ে এমন কথা কি করে যে বললে, বুঝতে পারলুম না। আমাদের বাপ পিতামহরা কি কখনো বিশ্বাস করে ছিলেন যে, মানুষ জটায়ুপক্ষীর মতো আকাশে উড়তে পারবে—সামান্য একটা কাঁচের ভিতর দিয়ে মাছিকে হাতির মতো বড় করে তার হাজার-হাজার চোখ দেখতে পাবে—আর সেই একই কাঁচে চন্দ্র সূর্যকে ঘরের কাছে এনে তার ভিতরে কি আছে দেখে কেতাবে লিখে রাখবে—আজকাল ঘরে বসে সকলেই তো আকাশে কান পেতে দেশ-বিদেশের বড়-বড় গায়িয়ে বাজিয়েদের গান শুনচে—সেদিন এক মহাপুরুষের বাড়ি গিয়ে দেখলুম, তাঁর বাগানের গাছপালারা ভুষো মাখানো কাঁচে তাদের জীবনচরিত লিখছে। অতএব কিসে কি হয়, তা কি কেউ বলতে পারে?”

৬৭